কাবুলে ব্রিটিশ কাউন্সিলে তালেবানের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে ব্রিটিশ কাউন্সিল ভবনে গতকাল শুক্রবার হামলা হয়েছে। হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের কয়েক ঘণ্টা তুমুল বন্দুকযুদ্ধ হয়। এতে কমপক্ষে নয়জন নিহত হয়েছে।এ হামলার দায় স্বীকার করে তালেবান বলেছে, ১৯১৯ সালের ১৯ আগস্ট ব্রিটেনের কাছ থেকে আফগানিস্তান স্বাধীনতা লাভ করে। তাই এই বিশেষ দিনটি ব্রিটিশ কাউন্সিলে হামলার জন্য বেছে নেয় তারা।স্থানীয় সময় সকাল পৌনে ছয়টার দিকে হামলাকারীরা ব্রিটিশ কাউন্সিলের প্রধান ফটকের সামনে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। দ্বিতীয় আরেকটি বিস্ফোরণে উড়িয়ে দেয় নিরাপত্তাপ্রাচীর। পরে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে কাউন্সিলের মধ্যে ঢুকে পড়ে কমপক্ষে চার তালেবান জঙ্গি।এরপর বিদেশি ও আফগান বাহিনীর সদস্যদের সঙ্গে শুরু হয় হামলাকারীদের বন্দুকযুদ্ধ। এ সময় দুই পক্ষে চলে তুমুল গোলাগুলি। একটার পর একটা বিস্ফোরণ ঘটতে থাকে।পরে কাবুলে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত উইলিয়াম পেটি জানান, সব হামলাকারী নিহত হয়েছে। তবে আফগান কর্তৃপক্ষ জানায়, আট আফগান পুলিশ এবং এক বিদেশি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। উইলিয়াম পেটি বলেন, হামলা ও বন্দুকযুদ্ধের সময় এক ব্রিটিশ নাগরিক ও এক দক্ষিণ আফ্রিকান শিক্ষক এবং তাঁদের ব্রিটিশ নিরাপত্তারক্ষী দিনভর একটি কক্ষে আত্মগোপন করেছিলেন। পরে ব্রিটিশ ও আফগান বাহিনী তাঁদের নিরাপদে উদ্ধার করেছে।লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানায়, কাউন্সিল অফিসে অবস্থানরত ব্রিটিশ নাগরিকের সবাই নিরাপদে আছেন।তবে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিদ্দিক সিদ্দিকী জানান, নিহত লোকজনের মধ্যে একজন অথবা দুজন বিদেশি নাগরিক আছেন। হামলার দায় স্বীকার করে গতকাল তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘১৯১৯ সালের এই দিনে আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিলাম। ৯২ বছর আগে তারা আমাদের স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল। সেই দিনের স্মরণেই এ হামলা।’তালেবান মুখপাত্র আরও বলেন, ‘এত বছর পর সেই ব্রিটিশরাই আবার আমাদের দেশে আগ্রাসন চালিয়েছে। কাজেই আমাদের স্বাধীনতা দিবসকে তাদের আবারও স্বীকৃতি দিতে হবে।’আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীতে যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যেরই সবচেয়ে বেশি সেনা মোতায়েন রয়েছে। বর্তমানে আফগানিস্তানে রয়েছে প্রায় সাড়ে নয় হাজার ব্রিটিশ সেনা। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এই হামলার ঘটনাকে ‘কাপুরুষের কাজ’ অভিহিত করেছেন। এএফপি, বিবিসি, রয়টার্স।