কাবুলে সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গিদের হামলার চেষ্টা ব্যর্থ
আফগান নিরাপত্তা বাহিনী ও ন্যাটোর সেনারা কাবুলে এক ধারাবাহিক আত্মঘাতী হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এ ঘটনায় পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার এসব হামলা চালানোর পরিকল্পনা ছিল। আফগানিস্তানে মোতায়েন ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা-সহায়তা বাহিনী (আইএসএএফ) বলেছে, ওই জঙ্গিরা রাজধানী কাবুলে হামলার পরিকল্পনা চূড়ান্ত করছিল। শনিবার রাতে এক অভিযান চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, আত্মঘাতী হামলার সরঞ্জাম, অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের ভান্ডার জব্দ করা হয়েছে।আফগান গোয়েন্দা সংস্থা বলেছে, পার্লামেন্ট ভবন ও দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ করিম খলিলির বাসভবন লক্ষ্য করে সর্বাত্মক আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল এই জঙ্গিদের।জাতীয় নিরাপত্তা পরিচালকের দপ্তর জানায়, আটক পাঁচ জঙ্গির একজন পাকিস্তানি নাগরিক। আফগান সেনাবাহিনীর পোশাক পরা এই সদস্যদের কাছে পাকিস্তানি পরিচয়পত্র, মুদ্রা ও মুঠোফোন নম্বর পাওয়া গেছে।পরিচালকের দপ্তর আরও জানায়, ‘এসব আলামতে তাদের সঙ্গে পাকিস্তানি জঙ্গিদের সংশ্লিষ্টতার ইঙ্গিত মেলে।’ এএফপি।