কাবুলে হামলার অবসান ৩৬ জঙ্গিসহ নিহত ৪৭
আফগানিস্তানের রাজধানী কাবুলে ১৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জঙ্গি হামলা সামাল দিয়েছে নিরাপত্তা বাহিনী। দফায় দফায় হামলা চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩৬ জঙ্গিসহ ৪৭ জন নিহত হয়েছে। গতকাল সোমবার আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদী এ কথা জানিয়েছেন।একজন উচ্চপদস্থ আফগান নিরাপত্তা কর্মকর্তা জানান, কাবুলে কঠোর নিরাপত্তাবেষ্টিত কূটনীতিকপাড়া, পার্লামেন্ট ভবনসহ কয়েকটি স্থানে এই সমন্বিত হামলা চালানোর ঘটনায় জালালাবাদ থেকে একজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই জঙ্গি স্বীকার করেছে, ভয়ংকর জঙ্গিগাষ্ঠী হাক্কানি নেটওয়ার্ক ১৮ ঘণ্টাব্যাপী ওই হামলা চালিয়েছে। এই জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তালেবান ও আল-কায়েদার ঘনিষ্ঠ সংশ্লিষ্টতা রয়েছে।আফগান স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রোববার শুরু হওয়া একের পর এক হামলা এবং জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৩৬ জঙ্গিসহ পুলিশের আটজন সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক নিহত হন। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর ৪০ জন সদস্যসহ ৬৫ জন আহত হন। এ ঘটনা প্রমাণ করে, ১০ বছরের আফগান লড়াইয়ের পর এখনো জঙ্গিরা আফগান নিরাপত্তা ভেদ করতে সক্ষম।গত সেপ্টেম্বরে কাবুলে মার্কিন দূতাবাস ও ন্যাটোর সদর দপ্তরে জঙ্গি হামলা চালানো হয়। ওই হামলার পর এই প্রথম কাবুলে বড় ধরনের কোনো হামলা চালানো হলো। সেপ্টেম্বরের হামলার জন্যও হাক্কানি নেটওয়ার্ককে দায়ী করা হয়। ধারণা করা হচ্ছে, পাকিস্তানভিত্তিক হাক্কানি নেটওয়ার্কের প্রায় ১০ হাজার যোদ্ধা রয়েছে।গতকাল ভোরে বিস্ফোরণের বিকট শব্দ ও বন্দুকের গুলির শব্দে কাবুলের বাসিন্দাদের ঘুম ভাঙে। তবে রাতভর আফগান নেতৃত্বাধীন নিরাপত্তা বাহিনীর ভারী গোলাবর্ষণ ও মার্কিন নেতৃত্বাধীন জোটের হেলিকপ্টার থেকে গোলাবর্ষণে নির্মাণাধীন দুটি ভবনে লুকিয়ে থাকা জঙ্গিদের হত্যা করার পর কাবুলের শ্বাসরুদ্ধকর অভিযান শেষ হয়।মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র লে. কর্নেল জিমি কামিংস বলেন, গতকাল ভোরে জঙ্গিদের অবস্থান নেওয়া নির্মাণাধীন দুটি ভবনে অভিযান শুরু করা হয়। শহরের কেন্দ্রস্থলে নির্মাণাধীন একটি ভবনে একের পর এক রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করা হয়। ভোর সাড়ে ছয়টার দিকে ওই ভবনে অভিযান শেষ হয়। এই ভবনের কাছেই প্রেসিডেন্ট প্রাসাদ, পশ্চিমা দূতাবাস ও সরকারি মন্ত্রণালয় রয়েছে।জঙ্গিদের লুকিয়ে থাকা শহরের আরেকটি নির্মাণাধীন ভবনের কাছে আফগান পার্লামেন্ট ভবন অবস্থিত। সকাল আটটার কিছু সময় আগে এই ভবনে নিরাপত্তা বাহিনীর অভিযান শেষ হয়। এই দুটি ভবনে অবস্থান নিয়ে জঙ্গিরা রোববার হামলা শুরু করেছিল।স্বরাষ্ট্রমন্ত্রী মোহম্মদী কাবুলে সাংবাদিকদের বলেন, সন্ত্রাসীরা আফগান বাহিনীর হাতে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করেছে। তবে ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, সন্ত্রাসীরা সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়ানোর চেষ্টা করেছে। এএফপি ও বিবিসি।