কাবুলের কাছে সুস্মিতা হত্যার বিষয়টি তুলবে নয়াদিল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুস্মিতা ব্যানার্জি
সুস্মিতা ব্যানার্জি

ভারতীয় লেখিকা সুস্মিতা ব্যানার্জিকে গুলি করে হত্যার ঘটনাটি কাবুলের কাছে উত্থাপন করবে নয়াদিল্লি। ভারতের পার্লামেন্টবিষয়ক মন্ত্রী রাজীব শুক্লা গতকাল শুক্রবার রাজ্যসভায় এ কথা বলেন। আফগানিস্তানপ্রবাসী সুস্মিতাকে সন্দেহভাজন তালেবান জঙ্গিরা বৃহস্পতিবার বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করেছে।
কলকাতার মেয়ে সুস্মিতা (৪৯) আফগান ব্যবসায়ী জানবাজ খানকে বিয়ে করে ১৯৮৮ সালে সে দেশে পাড়ি জমিয়েছিলেন। তিনি দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের পাকতিকা প্রদেশের একটি গ্রামে স্বামীর সঙ্গে বাস করতেন। গত বুধবার গভীর রাতে একদল মুখোশ পরা ব্যক্তি ওই বাড়ি থেকে সুস্মিতাকে অপহরণ করে। পরে স্থানীয় একটি মাদ্রাসায় নিয়ে তাঁকে গুলি করে হত্যা করা হয়।
প্রাদেশিক পুলিশের প্রধান দৌলত খান জাদরান নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, সুস্মিতার শরীরে ২৫টি গুলি করা হয়। কেন তাঁকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। সুস্মিতাকে হত্যার নিন্দা জানিয়ে মন্ত্রী রাজীব শুক্লা বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি আফগান সরকারের কাছে উত্থাপন করবে। এ প্রস্তুতি চলছে।
কট্টরপন্থী তালেবান শাসনামলে নিজের জীবনকে উপজীব্য করে কাবুলিওয়ালার বাঙালি বউ নামের অত্যন্ত জনপ্রিয় একটি বই লিখেছিলেন সুস্মিতা ব্যানার্জি। বৃহস্পতিবারই তৃণমূল কংগ্রেসের সদস্য কুনাল কুমার ঘোষ তাঁকে হত্যার ঘটনা পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় তোলেন। স্থানীয় লোকজন ও পুলিশের অভিযোগ, তালেবান জঙ্গিরাই সুস্মিতাকে হত্যা করেছে। তবে তালেবান এ অভিযোগ অস্বীকার করেছে। আইএএনএস।