কামানের গোলার গতি শব্দের চেয়ে সাত গুণ বেশি
২০ পাউন্ড ওজনের একটি কামানের গোলা যদি শব্দের সাত গুণ বেশি বেগে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, তাহলে কী ঘটবে? জবাব দেওয়ার আগে অনেকে প্রশ্নটাকেই বরং উড়িয়ে দেবেন। বলবেন, দূর, তা-ই কি হয় নাকি? এমন ঘটনা কেবল কল্পবিজ্ঞানের কাহিনিতেই সম্ভব। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে তোলার কৃতিত্বের দাবি করছে মার্কিন নৌবাহিনী। সম্প্রতি এমন এক আগ্নেয়াস্ত্রের পরীক্ষা চালানোর কথা দাবি করেছে তারা। কর্মকর্তাদের দাবি, ‘রেলগান’ নামে তাদের এই ইলেকট্রো ম্যাগনেটিক কামানের গোলার গতি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। এই গোলা ১০০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভার্জিনিয়ার ডালগ্রেনের ন্যাভাল সারফেস ওয়ারফেয়ার সেন্টারে এই আগ্নেয়াস্ত্রের পরীক্ষা চালানো হয়। এই ‘সুপারগান’ থেকে ছোড়া গোলায় ৩৩ মেগাজুল শক্তি উৎপন্ন হয়। আগ্নেয়াস্ত্রের মাজলের শক্তির ক্ষেত্রে এটি একটি বিশ্ব রেকর্ড বলে মার্কিন নৌবাহিনীর কর্মকর্তাদের দাবি। প্রকল্প ব্যবস্থাপক রজার এলিস বলেন, ‘এত দিন এসব অস্ত্র কেবল ভিডিও গেমসে দেখা গেছে। এখন তা বাস্তবে রূপ নিয়েছে। এটি দারুণ এক ঐতিহাসিক ঘটনা।’এক মেগাজুল শক্তিতে এক টনের একটি গাড়ি প্রায় ১০০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। অর্থাৎ, এই সুপারগান থেকে ছোড়া বুলেট এর চেয়ে ৩৩ গুণ বেশি গতিতে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। লক্ষ্যভেদেও এটি নির্ভুল। বর্তমানে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোয় আধুনিক যেসব আগ্নেয়াস্ত্র রয়েছে, তা দিয়ে সর্বোচ্চ প্রায় ১৩ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব। নৌবাহিনীর প্রত্যাশা, নতুন এই উচ্চপ্রযুক্তির কামান দিয়ে নিরাপদ দূরত্বে থেকে আরও অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা যাবে। ন্যাভাল রিসার্চের প্রধান রিয়ার অ্যাডমিরাল নেভিন বলেন, রেলগান দিয়ে শত্রুপক্ষকে অনেক বেশি বেকায়দায় ফেলা যাবে। এ গবেষণায় গত পাঁচ বছরে ২১ কোটি ১০ লাখ ডলার ব্যয় হয়েছে। এই আগ্নেয়াস্ত্র জাহাজে ব্যাপকভাবে ব্যবহার উপযোগী করতে প্রায় ১০ বছর লাগবে বলে কর্মকর্তারা আশা করছেন। সংশ্লিষ্ট গবেষকেরা দাবি করছেন, ২০২৫ সালের মধ্যে এই কামানের গোলা ছোড়ার শক্তি দ্বিগুণ করা সম্ভব হবে। ডেইলি মেইল অনলাইন।