কায়রোর উপকণ্ঠে যৌথ অভিযান
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির প্রায় দেড় শ সমর্থককে গ্রেপ্তার করতে গতকাল বৃহস্পতিবার রাজধানী কায়রোর অদূরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়েছে। এ সময় সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। কায়রোর অদূরে কেরদাসাহ গ্রামের থানায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে ১৪০ জনকে গ্রেপ্তারের উদ্দেশ্যে গতকাল এ যৌথ অভিযান চালানো হয়। গত ১৪ আগস্ট সেনাবাহিনী রক্তক্ষয়ী অভিযান চালিয়ে কায়রোর দুটি অবস্থানকেন্দ্র থেকে মুরসিপন্থীদের হঠানোর কয়েক ঘণ্টা পরই কেরদাসাহ থানায় অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ১১ পুলিশ সদস্যের মৃত্যু হয়। গতকাল স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে সেনাবাহিনী ও পুলিশের গাড়িবহর কেরদাসাহ গ্রামে প্রবেশ করে। এ সময় সেনা ও পুলিশের সঙ্গে মুরসিপন্থীদের ব্যাপক গোলাগুলি হয়। একপর্যায়ে ওই এলাকার পুলিশের উপপ্রধান জেনারেল নাবিল ফারাহ নিহত হন। তবে মুরসিপন্থীদের পক্ষে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কারফিউয়ের সময় কমল: সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার রাত ১১টার পরিবর্তে মধ্যরাতে কারফিউ শুরু হবে। আর শুক্রবার ভোর ছয়টার পরিবর্তে পাঁচটা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। এএফপি, রয়টার্স ও বিবিসি।