কায়রোর মসজিদ পুলিশের নিয়ন্ত্রণে

মিসরের রাজধানী কায়রোর যে মসজিদে মুসলিম ব্রাদারহুডের কর্মীরা গত শুক্রবার থেকে অবস্থান নিয়েছিল, গতকাল শনিবার ব্যাপক গুলিবিনিময়ের পর তার নিয়ন্ত্রণ নিয়েছে নিরাপত্তা বাহিনী। কায়রোর কেন্দ্রে আল-ফতেহ মসজিদে অবস্থানকারীদের সবাইকে আটক করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হলে নারী-পুরুষসহ এক হাজারেও বেশি মুসলিম ব্রাদারহুডের সমর্থক ওই মসজিদের ভেতর আশ্রয় নেয়।
নিরাপত্তা বাহিনী মসজিদে ঢোকার আগে সেখানে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়। টেলিভিশন ফুটেজে দেখা যায়, পুলিশ মসজিদটির প্রধান মিনার লক্ষ্য করে গুলি ছুড়ছে। তবে সরকার বলছে, মিনারের ওপর থেকে পুলিশের দিকে গুলি করা হলে তারা তার জবাব দেয়। সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, মসজিদের ভেতর থেকে সশস্ত্র ব্যক্তিরা স্থানীয় বিভিন্ন ভবন লক্ষ্য করে গুলি ছুড়ছে। পাশাপাশি সরকার-সমর্থক বিক্ষুব্ধ জনতাও মসজিদের বাইরে অবস্থান নিয়ে মুরসিবিরোধী স্লোগান দেয়।
এদিকে ব্রাদারহুড ও নিরাপত্তা বাহিনীর মধ্যে শুক্রবার নতুন করে শুরু হওয়া সহিংসতায় নিহতের সংখ্যা সরকারি হিসাবেই বেড়ে দাঁড়িয়েছে ১৭৩। আহতের সংখ্যা এক হাজার ২০০ ছাড়িয়ে গেছে। মুরসির সংগঠন মুসলিম ব্রাদারহুডের এক হাজার সমর্থককে এদিন গ্রেপ্তার করা হয়েছে।
ব্রাদারহুড তাদের ফেসবুক পাতায় জানিয়েছে, সংগঠনের আধ্যাত্মিক নেতা জেনারেল মোহাম্মদ বাইদির ছেলে আম্মার বাইদি মারা গেছেন। শুক্রবার কায়রোর রামসেস স্কয়ারে গুলিতে মারা যান ৩৮ বছর বয়সী আম্মার বাইদি। এর আগে মুরসির ক্ষমতাচ্যুতির পরপরই সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে জেনারেল মোহাম্মদ বাইদিকে গ্রেপ্তার করা হয়।
কায়রোর রাব্বা আল-আদাবিয়া মসজিদ ও নাহদা স্কয়ার এলাকা থেকে মুরসিপন্থীদের সরিয়ে দিতে গত বুধবার নিরাপত্তা বাহিনীর অভিযানে ছয় শতাধিক লোক নিহত হয়। এর প্রতিবাদে ব্রাদারহুড শুক্রবার জুমার নামাজ শেষে রামসেস স্কয়ারে বিক্ষোভের ডাক দিলে সেখানে আবারও সহিংসতা হয়। ওই সহিংসতার সময়ই লোকজন পাশের আল-ফতেহ মসজিদে আশ্রয় নেয়। সেখানে আটকে পড়া ব্যক্তিদের মধ্যে চার আইরিশ নাগরিকও ছিলেন। তাঁরা ভাইবোন এবং তাঁদের বাবা আয়ারল্যান্ডের সবচেয়ে বড় মসজিদের ইমাম বলে জানা গেছে।
কায়রোর বাইরে আলেকজান্দ্রিয়া, ইসমাইলিয়া, দামিয়েত্তাসহ অন্যান্য শহরেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ব্যাপক প্রাণহানি ঘটেছে।
আলেকজান্দ্রিয়ায় ব্রাদারহুডের একজন সমর্থক বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর অভিযানকে হোসনি মোবারকের সময়কালের সঙ্গে তুলনা করে বলেন, ‘দেশটির নিরাপত্তা বাহিনী মোবারকের সময়কালে যে আচরণ করেছিল, এখন ঠিক তেমনটাই করছে। তারা গির্জায় আগুন দিচ্ছে আর দোষারোপ করছে ব্রাদারহুডকে। যদি ব্রাদারহুডের কাছে অস্ত্র থাকত তাহলে হয়তো আরও বেশি প্রাণহানির ঘটনা ঘটত।’ সেনা অভিযান শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিনই বিক্ষোভের ঘোষণা দিয়েছে ব্রাদারহুড।
ব্রাদারহুডকে নিষিদ্ধ করার চিন্তাভাবনা: মিসরের সেনা-সমর্থিত অস্থায়ী সরকারের একজন মুখপাত্র শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, মুসলিম ব্রাদারহুডের ক্ষমতায় ফেরা কোনোভাবেই আর সম্ভব নয়। তিনি বলেন, ব্রাদারহুডকে নিষিদ্ধ করার কথা বিবেচনা করা হচ্ছে। এর আগে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হাজেম আল-বেবলাউয়ি গতকাল বলেন, সরকার আপস-মীমাংসার পথে যাওয়ার কথা ভাবছিল, কিন্তু যাদের হাতে রক্ত তাদের সঙ্গে আর কোনো আপস নয়।
জাওয়াহিরির ভাই গ্রেপ্তার: ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সমর্থন করার অভিযোগে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরির ভাই মোহাম্মদ আল-জাওয়াহিরিকে গতকাল শনিবার গ্রেপ্তার করেছে মিসরের কর্তৃপক্ষ। দেশটির একটি নিরাপত্তা সূত্র এ খবর নিশ্চিত করেছে। রাজধানী কায়রোর কাছের গিজা এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে সূত্রটি জানায়।
এক সপ্তাহজুড়ে বিক্ষোভের ডাক ব্রাদারহুডের: শুক্রবার সহিংসতায় এক শ জনের বেশি নিহত এবং কর্তৃপক্ষ এক হাজারের বেশি ব্রাদারহুড সমর্থককে গ্রেপ্তারের পর সংগঠনটি সারা দেশে এক সপ্তাহজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে। গতকাল শনিবার থেকে সপ্তাহব্যাপী এই বিক্ষোভ শুরু হয়েছে।
সৌদি সমর্থন: এদিকে মিসরের সেনাবাহিনীর নেতৃত্বকে সমর্থন জানিয়েছে সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ। মিসরকে ধ্বংসের বিরুদ্ধে দাঁড়াতে তিনি আরব দেশের নেতাদের এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবমতে, বুধবারের সংঘর্ষে সারা দেশে অন্ততপক্ষে ৬৩৮ জন মারা গেছে। বিবিসি ও আল-জাজিরা।