ভারতের দুর্নীতিবিরোধী আন্দোলনের কর্মী আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমি নাকি পালিয়ে এসেছি। আমি কারও মেয়ের হাত ধরে পালাইনি। পাকিস্তানেও যাইনি।’
কেজরিওয়াল গত রোববার দিল্লির চাঁদনি চকে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন। সমাবেশে তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি শুধু দুর্নীতিবিরোধী লড়াই করেছি। কারও মেয়ের হাত ধরে পালাইনি।’
এদিকে বিজেপির সাবেক সভাপতি নিতিন গড়কারির করা মানহানির মামলায় আগামী ২১ মে সশরীরে আদালতে হাজির হতে গতকাল সোমবার দিল্লির একটি আদালত আদেশ দিয়েছেন।
মামলায় অভিযোগে করা হয়, গত ৩১ জানুয়ারি কেজরিওয়াল ভারতের শীর্ষ দুর্নীতিবাজ রাজনীতিবিদদের একটি তালিকা প্রকাশ করেন। ওই তালিকায় নিতিনের নামও ছিল। এই মামলায় গতকাল শুনানির দিন ধার্য ছিল। কিন্তু নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় কেজরিওয়াল আদালতে হাজির হতে পারেননি। পিটিআই।