ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সিঙ্গুরের জমিতে কারখানা গড়ার জন্য তিনি নিজে থেকে টাটা গোষ্ঠীকে আমন্ত্রণ জানাবেন না। গত শুক্রবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মমতা বলেন, সিঙ্গুরে শিল্পগোষ্ঠী টাটার গাড়ি তৈরির কারখানার জন্য অধিগ্রহণ করা ৪০০ একর জমি কৃষকদের ফেরত দেওয়া হবে। গত শুক্রবার ওই রাজ্যের নতুন মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই ছিল মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে প্রথম বৈঠক। এর আগে নতুন মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করেন তিনি। বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সিঙ্গুরে জমি দিতে অনিচ্ছুক চাষিদের ৪০০ একর জমি ফেরত দেওয়া হবে। মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাটা বাবু (রতন টাটা) চাইলে বাকি ৬০০ একর জমিতে কারখানা করতে পারেন।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, আইন মেনেই ওই চাষিদের জমি ফেরত দেওয়া হবে। সিঙ্গুরের জমি নিয়ে উত্তাল আন্দোলনের সময় থেকে জমি দিতে অনিচ্ছুক কৃষকদের পক্ষে ছিলেন মমতা। কৃষকদের পক্ষ নিয়ে ধর্মতলায় টানা ২৬ দিন অনশনও করেছেন তিনি। ২০০৮ সালে সমমনা বিভিন্ন দল নিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে ২১টি মঞ্চ গড়ে ধরনায় (অবস্থান কর্মসূচি) অংশ নেন। সেই ধরনা তুলতে বামফ্রন্ট সরকারের সঙ্গে চুক্তিও হয়। যদিও সেই চুক্তি শেষ পর্যন্ত কার্যকর হয়নি। পরে ২০০৮ সালের ৩ অক্টোবর সিঙ্গুর ছেড়ে চলে যায় টাটা।গতকাল শনিবার দপ্তর বণ্টন করতে গিয়ে মমতা স্বরাষ্ট্র, ভূমি ও ভূমি সংস্কার, তথ্য ও সংস্কৃতি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, কৃষি, পার্বত্য সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষাসহ ১০টি মন্ত্রণালয় নিজের হাতে রেখেছেন।অর্থনীতিবিদ ও ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সাবেক সাধারণ সম্পাদক অমিত মিত্রকে অর্থ ও শুল্ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বাণিজ্য, শিল্প, গণপূর্ত, শিল্প পুনর্গঠন, তথ্যপ্রযুক্তি ও পার্লামেন্টারিবিষয়ক মন্ত্রণালয় দেওয়া হয়েছে মমতার ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত বিধানসভার উপনেতা পার্থ চট্টোপাধ্যায়কে।কংগ্রেসের দুই পূর্ণ মন্ত্রী মানস ভূঁইয়াকে সেচ ও ক্ষুদ্রশিল্প এবং আবু হেনাকে মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা, তৃণমূলের ৩৫ ও কংগ্রেসের দুজন মন্ত্রী গতকাল শপথ নেন।