কারগিল যুদ্ধের জন্য গর্বিত মোশাররফ
পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ গত বুধবার বলেছেন, কারগিল অভিযানের জন্য তিনি গর্বিত। ১৯৯৯ সালে পাকিস্তানি সেনারা কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল-এলওসি) অতিক্রম করে ভারতীয় অংশের অবস্থান দখল করে নেন। এ ঘটনায় দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। এতে উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটে। কারগিল যুদ্ধের সময় পারভেজ মোশাররফ পাকিস্তানের সেনাপ্রধান ছিলেন। যুদ্ধে তাঁর ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে।করাচিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোশাররফ বলেন, ‘কারগিল যুদ্ধের জন্য আমি গর্বিত।’গ্রেপ্তার ও তালেবানের হুমকি উপেক্ষা করে প্রায় চার বছর স্বেচ্ছানির্বাসনে থাকার পর গত রোববার তালেবানের হত্যার হুমকি ুউপেক্ষা করে দেশে ফেরেন মোশাররফ। দেশে ফেরার জন্য কারও সঙ্গে কোনো সমঝোতা করেননি বলেও দাবি করেন সাবেক এই স্বৈরশাসক। মোশাররফ বলেন, দেশ ও জনগণের স্বার্থেই তিনি পাকিস্তান ফিরেছেন। আসন্ন সাধারণ নির্বাচনে করাচি থেকে লড়বেন বলেও জানিয়েছেন সাবেক এই সেনাশাসক। পিটিআই।