আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইকে সন্ত্রাসবিরোধী যুদ্ধের অন্যতম ‘সঙ্গী’ হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা ও সেখানকার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে কারজাই সরকারের সঙ্গে একজোট হয়ে কাজ করার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন। হোয়াইট হাউসের প্রেস সচিব রবার্ট গিবস এ কথা জানিয়েছেন। কারজাই বর্তমানে ওয়াশিংটন সফর করছেন। আজ তাঁর প্রেসিডেন্ট ওবামার সঙ্গে এক দীর্ঘ বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো নাক গলাচ্ছে বলে প্রেসিডেন্ট কারজাই সম্প্রতি মন্তব্য করায় যুক্তরাষ্ট্র ‘অস্বস্তি’ প্রকাশ করে। এর ফলে দুই দেশের সম্পর্কের অবনতির আশঙ্কা দেখা দেয়। তবে গত সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র গিবস সে আশঙ্কা উড়িয়ে দিয়ে সাংবাদিকদের বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রেসিডেন্ট কারজাই যুক্তরাষ্ট্রের সঙ্গী হিসেবে কাজ করছেন।এদিকে যুক্তরাষ্ট্রে আফগানিস্তানের রাষ্ট্রদূত কার্ল এইকেনবেরি বলেছেন, আফগানিস্তানের প্রতিরক্ষা ও বিচারব্যবস্থা জোরদার করার উপায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ওবামার সঙ্গে কারজাইয়ের আজ আলোচনা করার কথা। পিটিআই অনলাইন।