কারজাই চাইছেন মার্কিন সেনারা থেকে যাক

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই চান মার্কিন বাহিনী আরও এক দশক আফগানিস্তানে থেকে যাক। তিনি আজ বৃহস্পতিবার দেশবাসীকে এ ব্যাপারে একমত হওয়ার আহ্বানও জানান।
‘দ্য গার্ডিয়ান’-এর খবরে বলা হয়, কারজাই ও যুক্তরাষ্ট্রের মধ্যে আস্থার সম্পর্ক না থাকলেও তিনি মনে করছেন, অল্প সংখ্যক মার্কিন সেনার উপস্থিতি আফগানিস্তানের স্থিতিশীলতা টিকিয়ে রাখবে।
প্রেসিডেন্ট কারজাই আজ দেশটির গণপরিষদ লয়া জিরগার বৈঠকে বসেন। সারা দেশের আড়াই হাজার প্রতিনিধিকে নিয়ে গঠিত এ পরিষদটি পার্লামেন্টের মতো কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নয়। তবে বিভিন্ন গোত্রের প্রতিনিধিদের নিয়ে গঠিত বলে এটি দেশটির সবচেয়ে শক্তিশালী প্রতিনিধি পরিষদ হিসেবে বিবেচিত হয়।
আজকের বৈঠকে কারজাই আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর থেকে যাওয়া নিয়ে একটি প্রস্তাব হাজির করেন। আরও ১০ বছর যেন মার্কিন সেনারা দেশটিতে অবস্থান করে, এ জন্য একটি খসড়া চুক্তির রূপরেখাও তুলে ধরেন কারজাই। লয়া জিরগার সদস্যদের তিনি ওই পরিকল্পনা অনুমোদনের অনুরোধ করেন এবং এ জন্য যুক্তিও উপস্থাপন করেন। তিনি সদস্যদের চুক্তিটি অনুমোদনের আগে ভবিষ্যত্ প্রজন্মের ব্যাপারে ভেবে দেখার আহ্বান জানান।
এ চুক্তিতে স্বাক্ষর করলে আফগানিস্তান বর্তমান পরিস্থিতি থেকে একটি স্থিতিশীল পরিস্থিতিতে পৌঁছতে পারবে বলে কারজাই আশা প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্র চাইছিল আফগানিস্তানে তার ভূমিকা কী হবে, তা এখনই পাকাপাকি করা হোক। কিন্তু মার্কিনদের হতাশ করে কারজাই আজ একটি অপ্রত্যাশিত পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন, ছয় মাস পর অনুষ্ঠেয় নির্বাচনের পর প্রেসিডেন্ট এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
কার্যত যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের একটি চুক্তির দায়ভার কারজাই একা নিতে চাইছেন না। তিনি চান, আসছে প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য যে আরও ১১ প্রার্থী আছেন, তাঁরাও চুক্তির ব্যাপারে একমত হোন। এ জন্য লয়া জিরগাকেও তিনি রাজি করাতে চাইছেন।
‘দ্য গার্ডিয়ান’ জানায়, বিতর্কিত নিরাপত্তা চুক্তিটি স্বাক্ষরিত হলে আফগানিস্তানে ১৫ হাজার বিদেশি সেনা অবস্থান করতে পারবে। এর অর্ধেক আসবে যুক্তরাষ্ট্র থেকে। এসব সেনা দেশটির নয়টি ঘাঁটিতে ২০২৪ সাল পর্যন্ত থাকবে।
ন্যাটোর সশস্ত্র বাহিনী এ বছরের শেষ নাগাদ আফগানিস্তান ছেড়ে যাবে। আফগানিস্তানের অপেক্ষাকৃত দুর্বল সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এবং এর জন্য তহবিল গঠন করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানের নতুনভাবে চুক্তি করা জরুরি। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, আল-কায়েদা ও এর সহযোগী সংগঠনগুলোকে দমনের জন্য মার্কিন বাহিনী পাকিস্তান সীমান্তবর্তী আফগান ঘাঁটিগুলোকে ব্যবহার করতে পারবে।
লয়া জিরগা বৈঠক এমন সময় বসলো যার কয়েক ঘণ্টা বাদে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান নতুন চুক্তির বিষয়ে আলোচনায় বসতে চলেছে।
এর আগে প্রেসিডেন্ট কারজাই দাবি করেন, যুক্তরাষ্ট্রকে তার ভুলের জন্য ক্ষমা চাইতে হবে এবং আফগানিস্তানের বাড়িতে বাড়িতে বিদেশি সেনাদের অবাধ প্রবেশের ওপরে নিষেধাজ্ঞা জারি করতে হবে। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ কারজাইয়ের এ দুটি দাবি প্রত্যাখ্যান করলে তিনি শেষ মুহূর্তে চুক্তিটির খসড়া নিয়ে লয়া জিরগার সঙ্গে আলোচনায় বসেন।
কারজাই দীর্ঘদিন ধরেই পশ্চিমা সেনাদের হটানোর একনিষ্ঠ সমর্থক। কিন্তু ন্যাটো ও তালেবান বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের আত্মীয়দের সঙ্গে বৈঠকে বসার আগে তাঁর এ ধরনের দাবি তোলাকে রাজনৈতিক চতুরতা হিসেবেও বিবেচিত করা হচ্ছে।
কারজাই লয়া জিরগার বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি চিঠি পড়ে শোনান। চিঠিতে ওবামা আফগানদের নিরাপত্তা চুক্তিটি অনুমোদন করার অনুরোধ করেন। তিনি আশ্বাস দেন, মার্কিন বাহিনী আফগানদের সম্মান দেখাবে ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি ছাড়া তাদের বাড়িতে প্রবেশ করবে না।