কারজাইয়ের চিফ অব স্টাফকে ঘুষ দিচ্ছে ইরান: প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগান প্রেসিডেন্টের চিফ অব স্টাফ উমর দাউদজাই ইরানের কাছ থেকে নিয়মিত নগদ অর্থ পেয়ে আসছেন বলে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস জানিয়েছে। পত্রিকাটি গত শনিবার এক প্রতিবেদনে বলেছে, ইরান এর মধ্য দিয়ে আফগান প্রেসিডেন্ট প্রাসাদে তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, প্রতিবেশী ইরানের সরকার গোপনে কোটি কোটি ডলার আফগানিস্তানে ঢালছে। প্রেসিডেন্ট হামিদ কারজাই ও তাঁর চিফ অব স্টাফ দাউদজাই এই অর্থ সে দেশের আইনজীবী, উপজাতীয় নেতা ও তালেবান কমান্ডারদের আনুগত্য আদায়ে ব্যয় করছেন।পত্রিকাটি লিখেছে, আফগানদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্য ন্যাটো মিত্রদের দূরত্ব সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে তেহরান।এদিকে দ্য টাইমস পত্রিকা জানিয়েছে, ইরানের সঙ্গে গোপন এ সম্পর্কের বিষয়ে কারজাই ও দাউদজাইয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু তাঁরা কোনো জবাব দেননি। দাউদজাইয়ের একজন সহযোগী এ অভিযোগকে ‘বাজে কথা’ বলে উড়িয়ে দিয়েছেন।কাবুলে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ফিদা হুসাইন মালিকি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। তবে তাঁর একজন মুখপাত্র এসব অভিযোগকে পশ্চিমা ও বিদেশি গণমাধ্যমের ‘শয়তানি ভরা গালগল্প’ বলে অভিহিত করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে দ্য টাইমস বলেছে, প্রেসিডেন্ট কারজাই গত আগস্টে ইরান সফর শেষে দেশে ফেরার সময় ফিদা হুসাইন মালিকি প্রেসিডেন্টকে বহনকারী বিমানে গিয়ে দাউদজাইয়ের হাতে একটি বড় প্লাস্টিকের ব্যাগ তুলে দেন। ওই ব্যাগটি ছিল টাকায় ভরা। এএফপি।