কারজাইয়ের ডিক্রির পক্ষে সমর্থন দিল পার্লামেন্টের উচ্চকক্ষ
নির্বাচনে বিদেশিদের ভূমিকা সীমিত করতে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের জারি করা ডিক্রির পক্ষে সমর্থন দিয়েছে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ। এর আগে বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষ এই ডিক্রির বিরুদ্ধে ভোট দেয়। কিন্তু গত শনিবার উচ্চকক্ষের সদস্যরা নিম্নকক্ষের প্রস্তাবটিকে দিনের আলোচ্যসূচির বাইরে রাখেন। ফলে কারজাইয়ের ডিক্রি জারির বিরুদ্ধে ভেটো দেওয়ার পথ বন্ধ হয় এবং ওই ডিক্রি বহাল থাকে।পার্লামেন্টের উচ্চকক্ষের প্রথম উপপ্রধান ফজল হাদি মুসলিমেয়ার বলেন, উচ্চকক্ষের নেতারা মত দিয়েছেন, একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এক বছর পূর্ণ হওয়ার আগে নির্বাচনী আইনের বিষয়ে রুল জারি করার ক্ষমতা রাখে না পার্লামেন্ট। তাই আলোচ্যসূচির ওপর কোনো ভেটো প্রস্তাব রাখা সম্ভব হয়নি।কারজাইয়ের সমালোচক ও পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য আহমেদ বেহজাদ অভিযোগ করেন, কারজাই তাঁর ডিক্রি বহাল রাখার জন্য উচ্চকক্ষের ওপর চাপ সৃষ্টি করেছেন। প্রেসিডেন্টের ক্ষমতাবলে কারজাই উচ্চকক্ষের এক-তৃতীয়াংশ সদস্যকে নিয়োগ দিয়েছেন।গত ফেব্রুয়ারিতে এই ডিক্রি জারি করেন কারজাই। নির্বাচনী কারচুপি পর্যবেক্ষণে নজরদারি সংস্থা গঠন করার ক্ষেত্রে জাতিসংঘের ক্ষমতাকে খর্ব করে এই ডিক্রি জারি করা হয়। ডিক্রি অনুযায়ী এখন প্রেসিডেন্ট হিসেবে এ ক্ষমতা ভোগ করবেন কারজাই।এর আগে আফগানিস্তানের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি নিয়ে হামিদ কারজাই বিদেশি শক্তিগুলোর প্রতি অভিযোগ তোলেন। এতে হোয়াইট হাউসের সঙ্গে কারজাইয়ের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। কারজাইয়ের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানায় হোয়াইট হাউস এবং এর ব্যাখ্যা দাবি করে।হিলারিকে কারজাইয়ের ফোন আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি নিয়ে সম্প্রতি বিদেশিদের দোষারোপ করে দেওয়া বক্তব্যের ব্যাপারে কথা বলতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে টেলিফোন করেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। কারজাই হিলারিকে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার জন্য আফগানরা কৃতজ্ঞ।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফিলিপ ক্রাউলি গত শুক্রবারের এই টেলিফোন আলাপকে গঠনমূলক বলে মন্তব্য করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে প্রেসিডেন্ট কারজাই তাঁর অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন। এ ছাড়া আফগানিস্তানের পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকারও প্রশংসা করেছেন তিনি। বিবিসি, রয়টার্স।