কারজাইয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তালেবান
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবানের প্রতি শান্তি আলোচনায় বসার যে আহ্বান জানিয়েছেন তা গতকাল রোববার প্রত্যাখ্যান করেছে তালেবান।হেলমান্দ প্রদেশে তালেবানের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর ব্যাপক অভিযান এবং দ্বিতীয় শীর্ষ নেতা ধরা পড়ায় তালেবান বেশ চাপের মুখে রয়েছে। এর মধ্যেও প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের শান্তি আলোচনার প্রস্তাব তারা প্রত্যাখ্যান করল।হামিদ কারজাই গত শনিবার পার্লামেন্টে ভাষণে শান্তি প্রস্তাব গ্রহণ করার জন্য নতুন করে তালেবানের প্রতি আহ্বান জানান। এর আগে গত জানুয়ারিতে লন্ডনে আফগানিস্তানবিষয়ক এক সম্মেলনে দাতা দেশগুলো তালেবানের সঙ্গে কারজাইয়ের শান্তি আলোচনার পরিকল্পনাকে সমর্থন করে। এরপরই কারজাই তালেবানের প্রতি শান্তি আলোচনায় বসার আহ্বান জানান। কিন্তু তালেবান তাঁর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, আগে বিদেশি সেনাদের আফগানিস্তান থেকে চলে যেতে হবে।প্রেসিডেন্ট কারজাইয়ের গতকাল রোববার দেওয়া শান্তি আলোচনার প্রস্তাবের জবাবে তালেবানের মুখপাত্র কারি মোহাম্মদ ইউসুফ বলেন, কারজাই একটা পুতুল। সে একটা সরকার বা একটা জাতির প্রতিনিধিত্ব করতে পারে না।মোহাম্মদ ইউসুফ বলেন, কারজাই দুর্নীতিতে নিমজ্জিত এবং যুদ্ধবাজদের দ্বারা পরিবেষ্টিত। এই যুদ্ধবাজ নিজেরা ধন সম্পদের মালিক হচ্ছে। রয়টার্স অনলাইন।