কারজাইয়ের বাসভবন অভিমুখে বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে গতকাল শুক্রবার চতুর্থ দিনের মতো আফগানিস্তানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১২ জন নিহত হয়। এর মধ্যে হেরাত প্রদেশে হতাহতের সংখ্যা বেশি।এদিকে শত শত বিক্ষোভকারী গতকাল কাবুলে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের বাসভবনের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে রওনা হয়। পরিস্থিতি সামাল দিতে দাঙ্গা পুলিশ ও সেনা মোতায়েন করা হয়। গতকাল দুপুরে হামিদ কারজাইয়ের বাসভবনের দিকে বিক্ষোভ মিছিল এগিয়ে যেতে থাকলে পুলিশ বাধা দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর ছোড়ে। এ সময় বিক্ষোভকারীরা মার্কিনবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। গতকাল আফগানিস্তানে সরকারি ছুটির দিন থাকায় রাজধানী কাবুলসহ দেশের বিভিন্ন শহরে জুমার নামাজ শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গজনির রাজপথে মার্কিনবিরোধী বিক্ষোভ সমাবেশ হয়। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকি বলেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি মানুষের অধিকার হলেও আমরা বিনীতভাবে দেশবাসীর কাছে আবেদন করছি, তারা যেন সব ধরনের সহিংসতা পরিহার করে।’এদিকে কোরআন পোড়ানোর ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দুঃখ প্রকাশ করেছেন। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কাছে পাঠানো এক চিঠিতে কোরআন পোড়ানোর বিষয়টিকে ‘অসাবধানবশত ঘটা ঘটনা’ বলে উল্লেখ করেন তিনি ।এদিকে আফগানিস্তানে অবস্থানরত পশ্চিমা নাগরিকদের সাবধানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিবৃতিতে নিজ দেশের নাগরিকদের আফগানিস্তানে চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞার বিস্তৃতি আরও বাড়িয়েছে। শান্তি আলোচনায় বসার আহ্বান: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তালেবান নেতাদের আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে গিলানি বলেন, ‘দীর্ঘ ১০ বছরের যুদ্ধ অবসানের পর আফগানিস্তানে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তালেবান, হিজব-ই-ইসলামিসহ সব বিদ্রোহী সংগঠনকে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, জাতীয় ঐকমত্য ও শান্তি প্রতিষ্ঠায় আফগান সরকারের নেওয়া উদ্যোগে তালেবানসহ বিদ্রোহী সংগঠনের অংশ নেওয়া প্রয়োজন। রয়টার্স, এএফপি।