কারাগার থেকে মুক্তি পেয়েই ফের শিশু ধর্ষণ ও হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েশিশুকে ধর্ষণ শেষে হত্যার অপরাধে ভারতের সুনীল সুরেশ নামের এক ব্যক্তি ১৭ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। জেলে সদাচরণের জন্য তাঁর আগাম মুক্তি মেলে। অভিযোগ উঠেছে, কারাগার থেকে মুক্ত হয়ে ওই দিনই আবারও একটি কন্যাশিশুকে ধর্ষণ ও হত্যা করেন সুনীল। এ ঘটনায় তাঁকে গত শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, ভালো আচরণের জন্য দণ্ডের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই গত ২৮ ডিসেম্বর মহারাষ্ট্রের নাশিক রোড কারাগার থেকে মুক্তি পান সুনীল। কিন্তু মুক্তি পেয়ে ওই দিনই মহারাষ্ট্রের আহমেদনগর জেলার শিরদি শহর থেকে নয় বছরের এক মেয়েকে অপহরণ করেন। পরে তাকে ধর্ষণ শেষে লাশ শিরদি রেলস্টেশনের অদূরে একটি নির্জন স্থানে ফেলে রাখেন। এর আগে সুনীলকে ২০০৩ সালে নাশিক জেলায় এক মেয়েশিশুকে ধর্ষণ শেষে হত্যার অভিযোগে গ্রেপ্তার এবং ওই ঘটনায় তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। পরে উচ্চ আদালতে আপিল করেন সুনীল। আদালত তাঁকে ১৭ বছরের কারাদণ্ড দেন। শিরদি রেলস্টেশনের কাছে একটি নির্জন স্থানে থেকে গত শুক্রবার শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন সুনীলকে স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সুনীলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা হয়েছে। পিটিআই।