কারাগারে থেকেই গণতন্ত্রের জন্য লড়বেন ফনসেকা
গণতন্ত্রের জন্য কারাগারে থেকেই লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শ্রীলঙ্কা সেনাবাহিনীর সাবেক প্রধান ও বিরোধীদলীয় নেতা শরৎ ফনসেকা। গতকাল সোমবার একটি মামলার শুনানির জন্য হাজির করার সময় কলম্বো হাইকোর্ট প্রাঙ্গণে সমর্থকদের উদ্দেশে তিনি এ কথা বলেন। দুর্নীতির অভিযোগে ফনসেকাকে ৩০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।সমর্থকদের উদ্দেশে ফনসেকা বলেন, ‘গণতন্ত্রের জন্য এই লড়াই থেকে সরে দাঁড়াব না। এ জন্য আমি প্রাণ দিতেও প্রস্তুত।’ বৃহস্পতিবার থেকে ফনসেকার কারাবাস শুরু হয়। ফনসেকা বিরোধী ডেমোক্রেটিক ন্যাশনাল অ্যালায়েন্সের নেতৃত্ব দিচ্ছেন।গৃহযুদ্ধ শেষ হওয়ার পর ফনসেকার সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের বিরোধের শুরু। এর জের ধরে সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগ করে রাজনীতিতে নামেন তিনি। জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপক্ষের বিরুদ্ধে প্রার্থী হয়ে তেমন সুবিধা করতে পারেননি ফনসেকা। চার তারকা পাওয়া শ্রীলঙ্কার একমাত্র এই জেনারেল ওয়েলিকাদা কারাগারে মেঝেতে শুয়ে দিন কাটাচ্ছেন।গত ১৭ সেপ্টেম্বর দ্বিতীয় কোর্ট মার্শাল ফনসেকাকে চারটি অভিযোগে তিন বছরেরও বেশি সাজা দেন। তবে প্রেসিডেন্ট তাঁকে ৩০ মাসের কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেন। ফনসেকার বিরুদ্ধে অভিযোগ, তিনি দরপত্র কার্যক্রম বিধি লঙ্ঘন করে সেনাবাহিনীর জন্য অস্ত্র ও সরঞ্জাম কিনেছেন। এর এক সপ্তাহ আগে প্রথম কোর্ট মার্শাল ফনসেকাকে সব ধরনের সামরিক পদবি ও অবসরকালীন ভাতা থেকে বঞ্চিত ঘোষণা করেন। সেনাবাহিনীতে থাকাকালীন রাজনীতিতে অংশ নেওয়ার অভিযোগে তাঁকে এ শাস্তি দেওয়া হয়। এএফপি।