কারাগারে নিঃসঙ্গ ফনসেকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় অন্ধকার কারা প্রকোষ্ঠে একটি মাদুর আর একটি বালিশই এখন তাঁর সম্বল। ঠান্ডা ও স্যাঁতস্যাতে মেঝের ওপর ছোট্ট মাদুরটি পাতা। পোশাক বলতে বন্দীদের জন্য বরাদ্দ চিরচেনা সেই দুই টুকরো কাপড়। তাও আঁটসাঁট নয়, মাপের চেয়ে অনেক বড়। শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান শরৎ ফনসেকার এখন এ অবস্থায়দিন কাটছে। গত বৃহস্পতিবার তাঁকে নৌ-সদর দপ্তরের কারাগার থেকে ওয়েলিকাদা কারাগারে নেওয়া হয়। প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে কোর্ট মার্শালের দেওয়া সাজা অনুমোদনের পরপরই তাঁকে এ কারাগারে স্থানান্তর করা হয়। দুর্নীতির অভিযোগে তাঁর ৩০ মাসের সাজা হয়েছে। ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা সানডে টাইমস বলেছে, ‘কারাগারে নিঃসঙ্গ সময় কাটছে সাবেক সেনানায়কের। কারা সেলে তাঁর নম্বর ০/২২০৩২। শক্ত মেঝেতে মাদুরের ওপর দিন কাটছে তাঁর। ঘুমানোর জন্য পেয়েছেন একটি মাত্র বালিশ।’পত্রিকাটি জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে ফনসেকাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ওয়েলিকাদা কারাগারে নেওয়া হয়। সেখানে ‘এস’ ওয়ার্ডের একটি বিচ্ছিন্ন কক্ষে তাঁকে রাখা হয়েছে। পত্রিকাটি বলেছে, পরদিন ভোর পাঁচটায় তাঁকে ঘুম থেকে জাগানো হয়। ঘুম থেকে জেগে তিনি যান টয়লেটে। কিন্তু টয়লেটের ফ্ল্যাশ কাজ না করায় অসন্তোষ প্রকাশ করেন। সানডে টাইমস আরও বলেছে, ধোয়ামোছা ও গোসলের জন্য ফনসেকাকে ওয়ার্ডের বাইরে একটি ট্যাংকে যেতে হয়। সেখানে বালতি দিয়ে পানি উঠিয়ে তিনি কাজ সারেন। সেখান থেকে ফিরে নাশতার জন্য অন্যকয়েদিদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে যান। তখন তাঁর এক হাতে থাকে মগ ও অন্য হাতে প্লেট।উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার দ্বিতীয় কোর্ট মার্শাল ফনসেকাকে চারটি অভিযোগে তিন বছরেরও বেশি সাজা দেন। তবে প্রেসিডেন্ট রাজাপক্ষে তাঁকে ৩০ মাসের কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেন। ফনসেকার বিরুদ্ধে অভিযোগ, তিনি দরপত্র কার্যক্রমে বিধি লঙ্ঘন করে সেনাবাহিনীর জন্য অস্ত্র-সরঞ্জাম কিনেছেন। এর এক সপ্তাহ আগে প্রথম কোর্ট মার্শাল ফনসেকাকে সব ধরনের সামরিক পদবি ও অবসরকালীন ভাতা থেকে বঞ্চিত ঘোষণা করেন। সেনাবাহিনীতে থাকাকালীন রাজনীতিতে অংশ নেওয়ার অভিযোগে তাঁকে এ শাস্তি দেওয়া হয়। পিটিআই।