কারাগারে পাহারা দেবে রোবট
এবার দক্ষিণ কোরিয়ার কারাগারে প্রহরীর কাজ করবে রোবট। এসব রোবট কারাবন্দীদের মতিগতির ওপর নজর রাখবে। প্রয়োজনে কারা কর্মকর্তাদের সতর্কবার্তা পাঠাবে। গতকাল বৃহস্পতিবার গবেষকেরা এ তথ্য জানান।দেশটির নলেজ ইকোনমি মন্ত্রণালয়ের অর্থায়নে সাড়ে আট লাখ ডলার ব্যয়ে একটি প্রকল্পের আওতায় একদল বিজ্ঞানী ওই রোবট তৈরি করছেন। রোবটগুলোর উচ্চতা পাঁচ ফুট। চারটি চাকা ব্যবহার করে এগুলো চলাফেরা করবে। বিশেষ করে, রাতে কারাবন্দীদের পাহারায় থাকবে এসব রোবট।দক্ষিণ কোরিয়াভিত্তিক অপরাধ ও কারানীতিবিষয়ক গবেষণা সংস্থা এশিয়ান ফোরাম ফর কারেকশনসের (এএফসি) এক বিবৃতিতে বলা হয়, কারা কর্মকর্তা ও কারাবন্দীদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারবে এই রোবট। কোনো কারাবন্দীর মধ্যে আত্মহত্যার প্রবণতা কিংবা সহিংস আচরণ দেখা দিলে রোবটগুলো তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে তা জানাতে পারবে।এএফসির প্রধান লি বেইক-ছুল রোবটের নকশাকারী দলের নেতৃত্ব দেন। তিনি বলেন, এ ধরনের রোবট তৈরির বেশির ভাগ কাজ শেষ হয়েছে। বিশেষ করে, এগুলো যেভাবে কাজ করবে, তা সম্পন্ন করা হয়েছে। এখন এগুলোর বাইরের সৌন্দর্য ফুটিয়ে তোলার কাজ করা হচ্ছে, যাতে কারাবন্দীরা রোবটগুলো পছন্দ করেন। এএফপি।