কারাগারে প্রথম রাত কাটালেন ম্লাদিচ
সাবেক বসনীয়-সার্বীয় সেনাপ্রধান রাতকো ম্লাদিচ গত মঙ্গলবার রাতে প্রথমবারের মতো কারাগারে কাটিয়েছেন। গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে বিচারের জন্য তাঁকে নেদারল্যান্ডের দ্য হেগে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বিশেষ আদালত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর দ্য ফর্মার যুগোস্লাভিয়ায় তাঁর বিচার হবে।ওই আদালতের মুখপাত্র নেরমা জেলাসিক বলেন, ‘আমরা খুবই খুশি যে শেষ পর্যন্ত আমরা তাঁকে কারাগারে পাঠাতে পেরেছি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।’টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে ম্লাদিচকে নিয়ে সার্বিয়ার একটি বিমান হেগের রটারডাম বিমানবন্দরে অবতরণ করে। এরপর সেখান থেকে তাঁকে কঠোর নিরাপত্তার মধ্যে একটি কালো গাড়িতে করে কারাগারে নিয়ে যাওয়া হয়। এর কয়েক ঘণ্টার মধ্যে ডাক্তারি পরীক্ষার পর তাঁকে কারাগারের নির্জন কক্ষে পাঠিয়ে দেওয়া হয়। এভাবে মঙ্গলবার রাত তাঁকে কারাগারেই কাটাতে হয়। গতকাল বুধবার তাঁর বিচার শুরু হওয়ার কথা ছিল।সাবেক সেনাপ্রধান বিচারে নিজের পক্ষে আইনজীবী নিয়োগ করেছেন কি না, জানতে চাইলে জেলাসিক বলেন, তিনি সবেমাত্র হেগে এসে পৌঁছেছেন। তিনি আইনজীবী নিয়োগের সুযোগ পাবেন।আগামীকাল শুক্রবার ম্লাদিচকে প্রথবারের মতো তিনজন বিচারকের সামনে হাজির করা হবে বলে গণমাধ্যমে প্রচারিত খবরের ব্যাপারে জেলাসিক বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। এএফপি।