কারাগারে মন ভালো নেই মোবারকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের মন ভালো নেই। কারাগারে নেওয়ার পর থেকেই তিনি খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছেন। ওষুধ খাচ্ছেন না। কারও কুশলের জবাবও দিচ্ছেন না। দেশটির ফজর পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে।গত বছরের শুরুর দিকে মোবারকের পদত্যাগের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের হত্যায় সহযোগিতার দায়ে গত শনিবার তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন সে দেশের একটি আদালত। পরদিনই তাঁকে কায়রোর তোরা কারাগারে পাঠানো হয়।পত্রিকার খবরে বলা হয়, কারাগারে মোবারকের মন-মেজাজ এতটাই খারাপ যে তিনি কারও কুশলের সাড়াও দিচ্ছেন না। খবরে বলা হয়, কারাগারে নেওয়ার সময় হেলিকপ্টার থেকে নামতে চাননি মোবারক। আগের মতো বিলাসবহুল সামরিক হাসপাতালে চিকিৎসকের অধীনে রাখার দাবি জানিয়েছিলেন তিনি। তবে কারা কর্তৃপক্ষ তাঁর দাবি নাকচ করে দিয়েছে।তোরা কারাগারে দণ্ড পাওয়া সাধারণ কয়েদির মতো মোবারককে নীল রঙের পোশাক ও কয়েদি নম্বর দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী কয়েদি হিসেবে মোবারকের ছবিও তুলেছেন কারারক্ষীরা।কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ৮৪ বছর বয়সী মোবারকের হূদেরাগসহ বিভিন্ন স্বাস্থ্যসমস্যা রয়েছে। শনিবার রায় ঘোষণার পর তাঁর স্বাস্থ্যের আরও অবনতি ঘটে। তাঁকে তোরা কারাগারের চিকিৎসা বিভাগে রাখা হয়েছে।১৯৮১ সালে মিসরের ক্ষমতা গ্রহণ করেন মোবারক। গত বছরের শুরুর দিকে দেশটিতে মোবারকবিরোধী আন্দোলন শুরু হয়। টানা ১৮ দিনের গণবিক্ষোভের মুখে ১১ ফেব্রুয়ারি মোবারকের ৩০ বছরের শাসনের অবসান হয়। ওই আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় ৯০০ জন বিক্ষোভকারী নিহত হয়। পিটিআই।