কারাগারে লালুকে দেখতে গেলেন রাষ্ট্রপতির ছেলে
অবিভক্ত বিহার রাজ্যের ৯৫০ কোটি রুপির পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত হয়ে ঝাড়খণ্ডের বিরসা মুন্ডা কেন্দ্রীয় কারাগারে ৫ বছরের কারাদণ্ড ভোগ করছেন বিহারের রাষ্ট্রীয় জনতা দলের প্রধান ও ভারতের সাবেক রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। সেই ‘বিহারপতি’ লালু প্রসাদ যাদবের সঙ্গে দেখা করতে গতকাল সোমবার সন্ধ্যায় কারাগারে গিয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে ও কংগ্রেসের সাংসদ অভিজিত্ মুখোপাধ্যায়। তিনি লালু প্রসাদের সঙ্গে কিছু সময়ও কাটান এবং তাঁর খোঁজখবর নেন।
তবে লালু প্রসাদের সঙ্গে প্রণবপুত্রের এই সাক্ষাতের মধ্যে রাজনীতির গন্ধ খুঁজছেন বিরোধীরা। কেউ কেউ মনে করছেন, আসন্ন লোকসভা নির্বাচনে লালু প্রসাদকে পাশে পাওয়ার জন্য কংগ্রেসের এই কৌশল। যদিও অভিজিত্ জানিয়ে দিয়েছেন, এই সাক্ষাত্ সৌজন্যমূলক। রাষ্ট্রপতি নির্বাচনে লালু প্রসাদ যাদব এবং তাঁর দল রাষ্ট্রীয় জনতা দল তাঁর পিতা প্রণব মুখোপাধ্যায়ের পাশে ছিলেন। সেই কৃতজ্ঞতাবোধ থেকেই তিনি লালু প্রসাদ যাদবের সঙ্গে দেখা করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।