কারাগারে ১৮ ফুট সুড়ঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আহমেদাবাদের সবরমতি কেন্দ্রীয় কারাগার থেকে বন্দী পালানোর বড় ধরনের একটি পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। ১৮ ফুট দীর্ঘ একটি সুড়ঙ্গ পাওয়া গেছে ওই কারাগারে। সেখানে ২০০৮ সালের ভয়াবহ সিরিজ বোমা হামলার বিচারাধীন আসামিরা রয়েছেন। সবরমতি কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক ভি এম পারঘি বলেন, ব্যারাকে একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। এখানে সিরিজ বোমা হামলার ঘটনায় অভিযুক্ত ১৪ জন আসামি রয়েছেন। এ ঘটনায় প্রাথমিক অভিযোগ দাখিল করা হয়েছে এবং তদন্তও চলছে। পুলিশ জানায়, গত রোববার রাতে ‘ছোটা চাখার’ নামের ওই ব্যারাকের দুজন বন্দীর আচরণ দেখে সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে দেখা যায়, ব্যারাকের ভেতর থেকে একটি সুড়ঙ্গ খোঁড়া হয়েছে। ২০০৮ সালের ২৬ জুলাই আহমেদাবাদে এক সিরিজ বোমা চালানো হয়। এতে ৫৭ জন নিহত হন। ওই ঘটনায় অভিযুক্ত সবাইকে এই কারাগারে রাখা হয়েছে। গতকাল সোমবার সকালে রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রজনীকান্ত প্যাটেল জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সুড়ঙ্গ খোঁড়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।ভি এম পারঘি বলেন, ‘কারাগারের ভেতরে কোনো সরঞ্জাম পাওয়া যায়নি। তবে খাবারের থালা ও কাঠের সাহায্যে এই সুড়ঙ্গ খোঁড়া হয়েছে বলে মনে হচ্ছে।’ তিনি বলেন, বন্দীরা ব্যারাকে মালির কাজ করেছেন। সেই সুযোগে সুড়ঙ্গ খোঁড়ার মাটি বাগানের বাইরে অপসারণ করেছেন তাঁরা। টাইমস অব ইন্ডিয়া।