কারাগারেই মৃত্যুর আশঙ্কা করছেন তারিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাদ্দাম হোসেনের ঘনিষ্ঠ সহযোগী তারিক আজিজ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ইরাকের কারাগারে তাঁর মৃত্যু হবে। বয়স বেড়ে যাওয়া ও দীর্ঘদিনের কারাদণ্ডের উল্লেখ করে গত রোববার তিনি এ কথা বলেন।সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে তারিক আজিজ বলেন, তাঁর বয়স এখন ৭৪। এ ছাড়া তাঁর শাসনামলে দুর্নীতির দায়ে তাঁর ২০ বছরেরও বেশি কারাদণ্ড হয়েছে। এসব বিবেচনা করে তিনি কারাগারেই মৃত্যুর আশঙ্কা করছেন। তিনি বলেন, ‘আমি এখন ৭৪ বছরের বৃদ্ধ। তাই আমার কোনো ভবিষ্যৎ নেই।’আজিজ ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০০৩ সালে ইরাক যুদ্ধ শুরুর কয়েক মাস পর তিনি মার্কিন বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। মার্কিন সরকার চলতি বছরের জুলাইয়ে ওই কারাগারের নিয়ন্ত্রণ ইরাক সরকারের কাছে হস্তান্তরের পূর্ব পর্যন্ত তিনি বাগদাদের একটি মার্কিন কারাগারে বন্দী ছিলেন।১৯৯২ সালে ৪২ জন ব্যবসায়ীর ফাঁসি কার্যকর করতে তাঁর ভূমিকার কারণে গত বছর তাঁকে দোষী সাব্যস্ত করে ১৫ বছর এবং উত্তর ইরাকের কুর্দিদের উচ্ছেদে জড়িত থাকার দায়ে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাক্ষাৎকারে আজিজ বলেন, ‘আমি অসুস্থ ও ক্লান্ত। কিন্তু আমি চাই ইরাক ও ইরাকিরা ভালো থাকুক।’ এপি।