কারাবন্দী লাকভির ফোন জব্দের মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেন কায়ানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার নেতা জাকি-উর-রেহমান লাকভি রাওয়ালপিন্ডির কারাগার থেকে সংগঠনের কার্যক্রম পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে। মুঠোফোনের মাধ্যমে তিনি এ কাজটি করেন।যুক্তরাষ্ট্র কারাবন্দী লাকভির ফোন জব্দ করতে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের অনুরোধ করেছিল। তবে যুক্তরাষ্ট্রের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি।যুক্তরাষ্ট্রভিত্তিক পিবিএস ফ্রন্টলাইন টেলিভিশন ও প্রোপাবলিকা ওয়েবসাইটের খবরে বলা হয়, কায়ানির এ সিদ্ধান্তের ফলে রাওয়ালপিন্ডির কারাগারে নিরাপদ অবস্থানে থেকে নির্বিঘ্নে লস্কর-ই-তৈয়বার কার্যক্রম নিয়ন্ত্রণের সুযোগ পান লাকভি। এতে পাকিস্তানের পরাক্রমশালী সামরিক বাহিনীর সঙ্গে জঙ্গিগোষ্ঠীর যোগসাজশের অভিযোগ জোরালো হয়।সংবাদমাধ্যমে প্রকাশিত মার্কিন সরকারি দলিল থেকে জানা গেছে, কায়ানির ওই সিদ্ধান্তের বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জানা ছিল।পিবিএস ও প্রোপাবলিকার যৌথ অনুসন্ধানে জানা গেছে, যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গত গ্রীষ্মে জেনারেল কায়ানির সঙ্গে বৈঠক করেন। যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়।প্রোপাবলিকায় প্রকাশিত মার্কিন দলিলের তথ্য অনুযায়ী, লাকভির জঙ্গি তৎপরতা অব্যাহত রাখা প্রসঙ্গে মার্কিন ওই কর্মকর্তা কায়ানির সঙ্গে ওই বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন। জবাবে কায়ানি বলেন, বাইরের পৃথিবীর সঙ্গে লাকভির যোগাযোগের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে কারা কর্তৃপক্ষকে উদ্যোগী হতে বলেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। পিটিআই অনলাইন।