কারামুক্তির ২০তম বার্ষিকীতে নেলসন ম্যান্ডেলার জয়গান
শ্রদ্ধা ও ভালোবাসায় দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার কারামুক্তির ২০তম বার্ষিকী পালন করল দক্ষিণ আফ্রিকার মানুষ। গত বৃহস্পতিবার কারামুক্তির বার্ষিকীতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার ভাষণ শোনার জন্য পার্লামেন্টে উপস্থিত হয়েছিলেন ম্যান্ডেলা।হর্ষোত্ফুল্ল নেলসন ম্যান্ডেলা পার্লামেন্টে হাজির হলে পার্লামেন্টের সদস্যরা উল্লাস প্রকাশ করে তাঁকে স্বাগত জানান। তাঁরা এ সময় সমস্বরে গেয়ে উঠেন, ‘নেলসন ম্যান্ডেলা, তোমার মতো আর কেউ হয় না’ (নেলসন ম্যান্ডেলা, দেয়ার ইজ নান লাইক ইউ)। ওই সময় ম্যান্ডেলার সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী গ্রাসা ম্যাচেল।১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারির পর দক্ষিণ আফ্রিকা যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে, এই দিনে তা স্মরণ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান নোবেল শান্তি পুরস্কার জয়ী ডেসমন্ড টুটু। তিনি বলেন, ‘যেদিন নেলসন ম্যান্ডেলা ভিক্টর ভারাস্টার কারাগার থেকে মুক্তভাবে হেঁটে বেরিয়ে আসেন, সেদিন আমাদের সমন্বিত প্রাণশক্তি বেড়ে যায়। ওই দিনটি আমাদের অবমাননার অবসানের প্রতিশ্রুতি দিয়েছিল।’পার্লামেন্টে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেন, ‘আজকে আমরা যখন মাদিবার (ম্যান্ডেলাকে ভালোবেসে দেশবাসী এ নামে ডাকে) মুক্তি উদ্যাপন করছি, তখন আমরা নিজেরা সব দক্ষিণ আফ্রিকান, কালো ও সাদাদের জন্য আরও সুন্দর একটি ভবিষ্যত্ গড়ার জন্য যেন প্রতিজ্ঞা করি।’নেলসন ম্যান্ডেলা যে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন, সেই ভিক্টর ভারাস্টার কারাগারের সামনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বর্ণবাদবিরোধী আন্দোলনের অনেক গুরুত্বপূর্ণ নেতা।