কারেন বিদ্রোহীদের সঙ্গে বৈঠক করলেন মিয়ানমারের প্রেসিডেন্ট
মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন গতকাল শনিবার দেশটির কারেন বিদ্রোহীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক করেছেন। জাতিগত সংঘাত নিরসন করে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে প্রেসিডেন্টের সঙ্গে বিদ্রোহীদের আলোচনার ফলাফল সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির একজন সরকারি কর্মকর্তা জানান, রাজধানী নেপিডোতে গতকাল সকালে কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) ছয় সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন থেইন সেইন। প্রতিনিধিদলটিতে কেএনইউর সামরিক শাখার সদস্যও ছিলেন। এর আগে গত শুক্রবার ক্ষমতাসীন সরকারের মন্ত্রীদের সঙ্গে ইয়াঙ্গুনে কেএনইউর রাজনৈতিক ও সামরিক শাখার নেতারা বৈঠক করেন। এতে দেশজুড়ে জাতিগত সংঘাত নিরসনে ১৩ দফা শান্তি প্রস্তাব নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। বৈঠকে দুই পক্ষই বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে কিছু আচরণবিধি মেনে চলার বিষয়ে সম্মত হয়। এদিকে কারেন ন্যাশনাল ইউনিয়নের প্রতিনিধিদের আজ রোববার মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এএফপি।