কারেন বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমার সরকারের যুদ্ধবিরতি চুক্তি সই
কয়েক দশক ধরে চলা গৃহযুদ্ধের পর মিয়ানমারের আদিবাসী বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) ও সরকারের মধ্যে গতকাল বৃহস্পতিবার যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে। সরকারের মন্ত্রীদের একটি প্রতিনিধিদল ও কেএনইউর জ্যেষ্ঠ সদস্যদের একটি দল দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য কারেনের রাজধানী হপা-আনে এ চুক্তি সই হয়। মিয়ানমারের সেনা-সমর্থিত বেসামরিক সরকার ক্ষমতা গ্রহণের পর যেসব সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বা হচ্ছে, এ চুক্তি তারই ধারাবাহিকতা। আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে দূরত্ব কমিয়ে আনার পাশাপাশি মিয়ানমার সরকার আদিবাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলারও উদ্যোগ নিয়েছে। চুক্তি সইয়ের আগে অভিবাসনমন্ত্রী খিন ই সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা নিজেরা ৬৩ বছর ধরে শত্রুতা করেছি। কেএনইউ যা চাচ্ছে, প্রেসিডেন্ট আমাদের তা-ই দিতে বলেছেন। এ কারণে আমরা এখানে এসেছি।’ ১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর থেকে মিয়ানমারের বেশ কয়েকটি অঞ্চলে গৃহযুদ্ধ চলে আসছে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, সংঘাতবিক্ষুব্ধ এসব অঞ্চলে সেনা নির্যাতন নিত্যনৈমিত্তিক ঘটনায় দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় বরাবরই এ যুদ্ধ ও নির্যাতন বন্ধে মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আসছে। কেএনইউর জ্যেষ্ঠ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল জনি চুক্তি বাস্তবায়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এবারের আলোচনায় সরকার আমাদের অস্ত্রত্যাগ করতে বলেনি। সরকার শুধু আদিবাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সমান অধিকারের ভিত্তিতে কাজ করতে আগ্রহী।’ তবে তিনি এ-ও বলেন, ‘আমরা ৬০ বছর ধরে লড়াই করছি। একটিমাত্র বৈঠকেই তা শেষ হওয়ার নয়।’ গৃহযুদ্ধের কারণে কারেন রাজ্যের একটি বিশাল জনগোষ্ঠী পালিয়ে গেছে। কয়েক হাজার মানুষ থাইল্যান্ড সীমান্তে শরণার্থী জীবনযাপন করছে। মানবাধিকারকর্মীরা বলছেন, বিদ্রোহ দমন করতে গিয়ে সরকারি সেনারা বেসামরিক লোকজনকেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন। তারা গ্রামের পর গ্রাম ধ্বংস করেছে, ঘরছাড়া করেছে অসংখ্য মানুষকে। এ ছাড়া তারা গ্রামবাসীকে দিয়ে নিজেদের কাজ করাতেও বাধ্য করেছে। এর আগে গত ডিসেম্বরে স্থানীয় সরকারের সঙ্গে আরেক বিদ্রোহী গোষ্ঠী শান স্টেট আর্মি-সাউথের যুদ্ধবিরতি চুক্তি সই হয়। এ গোষ্ঠীটি উত্তর-পূর্বাঞ্চলীয় শান রাজ্যে লড়াই করছিল। এএফপি ও বিবিসি।