কার্বন নিঃসরণ কমাতে মার্কিন পরিকল্পনা
যুক্তরাষ্ট্রের পরিবেশ রক্ষা সংস্থা (ইপিএ) ২০৩০ সালের মধ্যে দেশটির বিদ্যুৎ প্রকল্পগুলো থেকে কার্বন ডাই-অক্সাইড নির্গমন ৩০ শতাংশ কমিয়ে আনার প্রস্তাব তুলতে যাচ্ছে৷ এর আগে ইপিএর প্রশাসক গিনা ম্যাককার্থি তাঁদের পরিকল্পনার কিছু অংশ প্রকাশ করেছেন৷ গতকাল সোমবার ওই প্রস্তাব উত্থাপন করার কথা ছিল৷ খবর এএফপি ও রয়টার্সের৷
প্রস্তাবটি উত্থাপিত হলে এটাই হবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে পরিবেশ রক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷ যদিও কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের মাত্রার ওপর নির্ভর করে অঙ্গরাজ্যগুলোকে আলাদাভাবে লক্ষ্য নির্ধারণ করার এখতিয়ার দেওয়া হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে৷
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিদ্যুৎ খাত থেকে ২০২০ সালের মধ্যে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের মাত্রা গড়ে ২০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে৷ পরের ১০ বছরে তা আরও ১০ শতাংশ কমিয়ে ৩০ শতাংশ করার চূড়ান্ত লক্ষ্য ঠিক করা হয়েছে৷
প্রস্তাবে ২০০৫ সালে কার্বন ডাই-অক্সাইড গ্যাসের নিঃসরণকে ভিত্তিলাইন ধরে নিয়ে কাজ শুরুর কথা বলা হয়েছে৷ এর আগে হোয়াইট হাউস ওই ভিত্তিলাইন ধরে ২০২০ সালের মধ্যে কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ ১৭ শতাংশ কমিয়ে আনার বৈশ্বিক লক্ষ্য ঠিক করেছিল৷
কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমিয়ে আনার বিষয়ে নতুন পরিকল্পনার কথা গত রোববার প্রথম প্রকাশ করে মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল৷ প্রস্তাব উত্থাপনের আগে নতুন পরিকল্পনার নিয়ম বা বিধিগুলো সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউস বা ইপিএ৷ তবে রোববার কয়েকজন মার্কিন আইনপ্রণেতাকে নতুন ওই প্রস্তাব সম্পর্কে ধারণা েদওয়া হয়৷ ওই আইনপ্রণেতাদের মধ্যে ছিলেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির নেতা সেলডন হোয়াইটহাউস ও এডওয়ার্ড মার্কে৷ দুজনই বৈশ্বিক উষ্ণায়ন রোধে ব্যবস্থা নেওয়ার পক্ষে উচ্চকণ্ঠ৷
একটি শিল্প সূত্র জানায়, কত সাল থেকে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের মাত্রাকে ভিত্তিলাইন ধরতে হবে, তা নিয়ে ইপিএ অনেক দর-কষাকষি করেছে৷ পরে তা ২০০৫ সাল নির্ধারণ করা হয়৷
যদিও ২০০৮ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের কার্বন নিঃসরণের মাত্রা কমে এসেছে৷ নানা পদক্ষেপের পাশাপাশি অর্থনৈতিক মন্দাও কার্বন নিঃসরণের মাত্রা কমাতে ভূমিকা রাখে৷ এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যমতে, ২০১৩ সালে কার্বন নিঃসরণের মাত্রা ২০০৫ সালের তুলনায় প্রায় ১০ শতাংশ কমেছে৷ তার মানে হলো, ইপিএ ২০৩০ সালের মধ্যে যে লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা নিয়েছে, তার পথে যুক্তরাষ্ট্র বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে৷