জাতিসংঘ জলবায়ু সম্মেলন গতকাল সোমবার শুরু হয়েছে। কাতারের রাজধানী দোহায় প্রায় ২০০টি দেশের প্রতিনিধির উপস্থিতিতে গতকাল সোমবার এ সম্মেলন শুরু হয়।বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, চলতি সম্মেলনে সেসবের পর্যালোচনা হবে।বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সাম্প্রতিক সামুদ্রিক ঝড় স্যান্ডির মতো দুর্যোগ নিয়মিত দেখা দিতে পারে বলে পরিবেশ বিজ্ঞানীরা ইতিমধ্যে সতর্ক করে দিয়েছেন। দোহায় চলমান অষ্টাদশ জলবায়ু সম্মেলনের (সিওপি১৮) প্রেসিডেন্ট আবদুল্লাহ আল-আতিয়া বলেন, ‘আমরা এখন এক সন্ধিক্ষণে রয়েছি। তাই এই সম্মেলনের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। দুই সপ্তাহ ধরে গুরুত্ব সহকারে কাজ করে যেতে হবে এবং পারস্পরিক বিরোধের পরিবর্তে নমনীয় হতে হবে।’দুই সপ্তাহ ধরে চলবে সিওপি১৮ সম্মেলন। বিশেষজ্ঞরা জানান, উষ্ণতা দুই ডিগ্রি সেলসিয়াস কমিয়ে শিল্পায়ন-পূর্ব সময়ের মতো অবস্থায় নিয়ে আসার জন্য বর্তমান উদ্যোগ যথেষ্ট নয়। ওই অবস্থায় যেতে পারলেই কেবল পরিবেশের মারাত্মক বিপর্যয় রোধ করা সম্ভব।কিয়োটো চুক্তি অনুযায়ী কার্বন নির্গমন প্রতিরোধে যেসব ঘোষণা দেওয়া হয়েছিল, সেগুলো বাস্তবায়ন হয়েছে কি না, সিওপি১৮ সম্মেলনে তা পর্যালোচনা করা হবে। সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ যুক্তরাষ্ট্র ও চীন কার্বন নির্গমন প্রতিরোধে এখনো পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), অস্ট্রেলিয়া ও অন্য কয়েকটি দেশ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য দ্বিতীয় দফা সময় চেয়েছে। বিশ্ব জলবায়ু চুক্তি আগামী তিন বছরের মধ্যে বাস্তবায়নের জন্য দোহা সম্মেলনে একটি খসড়া পরিকল্পনা তৈরি করা হবে। ২০২০ সালের মধ্যে সব দেশকে ওই চুক্তির আওতায় আসতে হবে।সিওপি১৮ সম্মেলনে অন্তত ১০০টি দেশের মন্ত্রিপরিষদের সদস্যরা অংশ নেবেন। উন্নয়নশীল দেশগুলোতে কার্বন নির্গমন নিয়ন্ত্রণের জন্য ধনী দেশগুলোকে তহবিল জোগান দিতে হবে। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক মন্ত্রী মেইট এনকোয়ানা-মাশাবানে বলেন, জলবায়ু পরিবর্তন হচ্ছে পরিবেশ রক্ষার পথে এখনকার সবচেয়ে বড় বাধা। পরিবেশ বিপর্যয় রোধে এখনই উদ্যোগী হয়ে শিশুদের জন্য আরও নিরাপদ ভবিষ্যৎ গড়ে দিতে হবে।জীবাশ্ম জ্বালানি থেকে অর্জিত রাজস্বের ওপর কাতারকে নির্ভর করতে হয়। তাই দেশটির পক্ষ থেকে চলতি জলবায়ু সংলাপের আলোচনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা হতে পারে বলে বিশেষজ্ঞদের একাংশ আশঙ্কা করছেন। এএফপি ও বিবিসি।