কাল থেকে ছয় জাতি আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক দাবি প্রত্যাখ্যান করে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী গতকাল রোববার বলেছেন, ইরান তার সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে পাঠাবে না। পারমাণবিক সংকট নিয়ে বিশ্বের ক্ষমতাধর ছয়টি দেশের সঙ্গে তেহরানের আসন্ন আলোচনার আগে এ দাবি ছিল অন্যতম শর্ত।
উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বক্তব্য উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটে বলা হয়, ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির ধরন, আকার ও বিভিন্ন পর্যায় নিয়ে আমরা অবশ্যই মধ্যস্থতা করব। তবে এই উপকরণ দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার বিষয়টি আমাদের জন্য চূড়ান্ত সীমা।’
জেনেভায় আগামীকাল মঙ্গলবার ছয় জাতির সঙ্গে ইরানের পরমাণু সংকটবিষয়ক ওই আলোচনা শুরু হওয়ার কথা। এ আলোচনায় ইরানি প্রতিনিধিদলে আব্বাস আরাকচিও থাকবেন। তিনি ইউরেনিয়াম সমৃদ্ধ করার মাত্রার বিষয়টি স্পষ্ট না করলেও তাঁর মন্তব্যে বোঝা যায়, তেহরান জেনেভার আলোচনায়ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ওই দাবি নাকচ করতে পারে।
বিশ্লেষকেরা বলছেন, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্য পশ্চিমা দেশের কর্মকর্তাদের হতাশ করতে পারে। কেননা, এই কর্মকর্তারা চান, পারমাণবিক সংকট নিরসনে ইরান যেন তার ২০ শতাংশ সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে পাঠিয়ে দেয়। পারমাণবিক বোমা তৈরির প্রয়োজনীয় উপকরণ ইউরেনিয়াম ধাতু ২০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা হচ্ছে পরমাণু অস্ত্রে ব্যবহারের উপযোগী উপকরণ তৈরির সামান্য দূরের পদক্ষেপ। আব্বাস আরাকচি অবশ্য তাঁর দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির অন্যান্য দিকের ব্যাপারে নমনীয় হওয়ার ইঙ্গিত দেন।
ছয় জাতি আলোচনায় মার্কিন প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের অবরোধ-সংক্রান্ত একজন প্রভাবশালী বিশেষজ্ঞ থাকছেন। এতে আভাস পাওয়া যাচ্ছে, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার উপায় নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র অধিকতর মনোযোগ দিতে পারে। ছয় জাতিভুক্ত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়াও রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, চীন ও রাশিয়া। রয়টার্স।