কাল পশ্চিমবঙ্গসহ ১২ রাজ্যে ভোট

ভারতের লোকসভা নির্বাচনে ষষ্ঠ পর্বে কাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্যে ভোট নেওয়া হবে। পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে ছয়টি আসনে ভোট গ্রহণ চলবে।
এর আগে ১৭ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম পর্বে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোট নেওয়া হয়।
এবার নির্বাচন হবে রায়গঞ্জ, বালুরঘাট, মালদহ (উত্তর), মালদহ (দক্ষিণ), জঙ্গিপুর ও মুর্শিদাবাদ আসনে।
নির্বাচনে রায়গঞ্জ আসনে কংগ্রেসের দীপা দাস মুন্সীর সঙ্গে বামফ্রন্টের মহম্মদ সেলিমের মূল লড়াই হবে। বালুরঘাটে তৃণমূল প্রার্থী বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষের সঙ্গে বামফ্রন্ট প্রার্থী বিমল সরকারের।
মালদহ (উত্তর) আসনে ‘ভূমি’ ব্যান্ডদলের বিশিষ্ট শিল্পী ও তৃণমূল প্রার্থী সৌমিত্র রায়ের সঙ্গে কংগ্রেসের মৌসম বেনজীর নূরের, মালদহ (দক্ষিণ) আসনে কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরীর সঙ্গে বামফ্রন্টের আবুল হাসনাত খানের এবং জঙ্গিপুর আসনে কংগ্রেস প্রার্থী ও রাষ্ট্রপতি-তনয় অভিজিত্ মুখোপাধ্যায়ের সঙ্গে বামফ্রন্ট প্রার্থী মুজাফফর হোসেনের লড়াই হবে।
এই ছয়টি আসনে বিজেপিও ভালো ভোট পাবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। বিজেপির জয়ের সম্ভাবনা তেমন একটা না থাকলেও তারা জয়-পরাজয়ের ব্যাপারে নির্ণায়ক শক্তির ভূমিকা নেবে বলে মনে করছেন তাঁরা।