যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকেরা বলছেন, ফের পারমাণবিক পরীক্ষা চালাতে প্রস্তুতি নিয়েছে উত্তর কোরিয়া। আগামীকাল শনিবার দেশের প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ওই দিন এই পরীক্ষা চালানো হতে পারে বলে তাঁদের আশঙ্কা।
পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনার মধ্যে এ খবর পাওয়া গেল। উত্তর কোরিয়াকে চাপে রাখতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সেখানে বিমানবাহী রণতরির নেতৃত্বে যুদ্ধজাহাজের একটি বহর রওনা করিয়ে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষণ সংস্থা ‘৩৮ নর্থ’ উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতাসহ বিশদ বিষয়ের ওপর দৃষ্টি রাখে। তারা বলেছে, দেশটির পুংগি রি পরমাণু পরীক্ষাকেন্দ্রে অস্বাভাবিক তৎপরতা চলছে। গত বুধবারই স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ছবি থেকে দেখা গেছে, ষষ্ঠবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে প্রস্তুত দেশটি। পুংগি রি পরমাণু পরীক্ষাকেন্দ্রের মূল প্রশাসনিক এলাকায় চলছে নানা ধরনের তৎপরতা। সেখানে বিভিন্ন বাহিনীর সদস্যদের আনাগোনা চলছে।
জাতিসংঘের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে এ পর্যন্ত পাঁচ দফা পরমাণু পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ ছাড়া ক্ষেপণাস্ত্র পরীক্ষাও অব্যাহত রেখেছে দেশটি। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, উত্তর কোরিয়া আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করছে, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।
মার্কিন প্রশাসনের কর্মকর্তা এবং অন্যান্য সূত্রের বরাতে গণমাধ্যম প্রতিষ্ঠান ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া একটি ‘পরমাণু বস্তু’ প্রস্তুত রেখেছে বলে মনে হচ্ছে। দেশটির স্থানীয় সময় শনিবার সকালে তা ছোড়া হতে পারে।
এদিকে উত্তর কোরিয়ার আঞ্চলিক মিত্র চীন ‘নিজেদের ভালোর জন্যই’ পারমাণবিক পরীক্ষা বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে পিয়ংইয়ংকে। চীনের সরকারি এক সংবাদমাধ্যমে গতকাল বৃহস্পতিবার বলা হয়েছে, পারমাণবিক কর্মসূচি বাদ দিলে উত্তর কোরিয়ার নিরাপত্তায় আরও বৃহৎ পরিসরে কাজ শুরু করতে পারবে বেইজিং।
প্রতিবেশী জাপানও উত্তর কোরিয়ার কর্মকাণ্ডে শঙ্কিত। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে গতকাল বলেন, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তাঁর দেশে বিষাক্ত সারিন গ্যাস হামলা চালানোর ক্ষমতা পিয়ংইয়ংয়ের রয়েছে। আবে এই তথ্য কোথা থেকে পেয়েছেন সে বিষয়ে কিছু বলেননি।
সম্প্রতি সিরিয়ায় গ্যাস হামলায় শ খানেক বেসামরিক লোক মারা গেছেন। সেখানে এই বিষাক্ত সারিন গ্যাস হামলা চালানো হয়েছিল বলে সন্দেহ করছে যুক্তরাষ্ট্র।
কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, চীন তার প্রতিবেশী ও মিত্র উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির রাশ টেনে ধরতে ব্যর্থ হলে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে এককভাবে পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্পের এ ধরনের হুমকি উত্তর কোরিয়া খুব একটা আমলে নিচ্ছে বলে মনে হচ্ছে না।