যুক্তরাজ্যের মানুষ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এ নিয়ে আর মোটেই দেরি করতে চাইছেন না জোটের নেতারা। বিচ্ছেদ প্রক্রিয়া নিয়ে কাল মঙ্গলবারই আলোচনা শুরুর জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রধান মার্টিন শুলৎজ।
গণভোটের রায় নিয়ে যুক্তরাজ্যের মধ্যেও চলছে নানা ধরনের ভাঙাগড়া। এর মধ্যে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন গতকাল রোববার বলেছেন, ইইউ থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়া আটকে দিতে স্কটিশ পার্লামেন্ট ভেটো দেবে।
মার্টিন শুলৎজ গতকাল জার্মানির বিল্ড আম সান্টাগ পত্রিকাকে বলেন, ‘জোট থেকে যুক্তরাজ্যের বেরিয়া যাওয়ার প্রক্রিয়া শুরু করতে দেরি করা হলে তাতে আরও বেশি অনিশ্চয়তা সৃষ্টি হবে এবং এতে করে চাকরিবাজার হুমকির মুখে পড়বে। কাজেই আমরা চাই ব্রিটিশ সরকার এগিয়ে আসুক। আগামী মঙ্গলবার যে সম্মেলন শুরু হচ্ছে, আলোচনা শুরু করার সেটিই সঠিক সময়।’
গণভোটের রায় নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার সম্মেলন ডেকেছে ইইউ। এ ছাড়া ইউরোপীয় পার্লামেন্টেরও বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।
গণভোটের রায় নিয়ে লন্ডন ও স্কটল্যান্ডের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। সেখানকার অনেক মানুষ চাইছে দ্বিতীয় দফায় গণভোটের আয়োজন করা হোক। এ দাবিতে তারা ৩২ লাখের বেশি স্বাক্ষর সংগ্রহ করে ফেলেছে গত দুই দিনে।
এদিকে, স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন গতকাল বলেছেন, যুক্তরাজ্য ইইউ থেকে বিচ্ছিন্নতা চাইলেও তিনি ইইউতে স্কটল্যান্ডের অবস্থান বহাল রাখতে চান। এ লক্ষ্যে তাঁর সরকার আইনি পথ বেছে নিতে পারে। ইইউ থেকে যুক্তরাজ্যের বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়ায় ভেটো দেবে স্কটিশ পার্লামেন্ট।
গত বৃহস্পতিবারের গণভোটে স্কটল্যান্ডের ৬২ শতাংশ ভোটার ইইউতে থাকার পক্ষে রায় দিয়েছেন। যুক্তরাজ্যকে উদ্দেশ করে স্টার্জন বলেন, ২০১৪ সালে স্বাধীনতা প্রশ্নে আয়োজিত গণভোটে স্কটল্যান্ড যুক্তরাজ্যের সঙ্গে থেকে যাওয়ার পক্ষে রায় দিয়েছিল। কিন্তু সেই রায় গত বৃহস্পতিবার ইইউর সঙ্গে থাকা না-থাকার গণভোটের পর ‘আর কার্যকর নয়’।
গণভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরপরই গত শুক্রবার যুক্তরাজ্যের শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছিল। এরপর সাপ্তাহিক ছুটির দুই দিন বন্ধ ছিল শেয়ারবাজার। আজ বাজার কেমন আচরণ করে, তা নিয়ে আছে শঙ্কা।
চীনের অর্থমন্ত্রী লিউ জেউয়ি গতকাল সতর্ক করে দিয়ে বলেছেন, ব্রেক্সিটের নেতিবাচক প্রভাব পড়বে গোটা বিশ্ব অর্থনীতিতেই। এ জন্য ভুগতে হতে পারে আগামী ৫ থেকে ১০ বছর।