কালিকাপ্রসাদের প্রয়াণে বাংলার শিকড়ের গানে অপূরণীয় ক্ষতি হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৩ সালে টরন্টো বঙ্গ সম্মেলনে কালিকাপ্রসাদের সঙ্গে লেখক
২০১৩ সালে টরন্টো বঙ্গ সম্মেলনে কালিকাপ্রসাদের সঙ্গে লেখক

বিশিষ্ট কণ্ঠশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য তাঁর দল ‘দোহার’ নিয়ে এসেছিলেন টরন্টোতে। বঙ্গ সম্মেলন উপলক্ষে ২০১৩ সালের ৭ জুলাই মেট্রো টরন্টো কনভেনশন সেন্টারের বিশাল হলরুমে হাজার হাজার দর্শক-শ্রোতাকে মুগ্ধ করেছিলেন তাঁরা কণ্ঠজাদুতে। সেই অনুষ্ঠানে মিডিয়া কর্মী হিসেবে উপস্থিত থেকে ছবি-ভিডিও ধারণ করার সুযোগ আমার হয়েছিল। অনুষ্ঠান শেষে বেশ কিছুক্ষণ কালিকাপ্রসাদের সঙ্গে আলাপচারিতা করারও সৌভাগ্য হয়েছিল। আমার বাড়ি সিলেটে জানার পর একটু বেশিক্ষণ আলাপ করতে পেরেছিলাম।
৭ মার্চ এক সড়ক দুর্ঘটনায় পরপারে চলে গেছেন এই গুণী শিল্পী। লাখো-কোটি ভক্তকে কাঁদিয়ে বড্ড অসময়ে চলে গেছেন না-ফেরার দেশে; যা আমাদের কাছে অবিশ্বাস্য, অকল্পনীয় ও অচিন্তনীয়! তবু বাস্তবতা মেনে নিতে হয়। তাঁর অকালপ্রয়াণে বাংলা গানের ভুবনে যে অপূরণীয় ক্ষতি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। সংগীতের জগতে শুদ্ধ, সাবলীল এবং দক্ষ, মেধাসম্পন্ন কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব ছিলেন কালিকাপ্রসাদ।
১৯৭১ সালে ১১ সেপ্টেম্বর আসামের শিলচরে জন্ম কালিকাপ্রসাদের। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৭ বছর। জন্ম শিলচরে হলেও তাঁর প্রাণটা ছিল পূর্বপুরুষের ভিটেমাটি সিলেটে। তাঁর ধ্যান-জ্ঞান, সুরসাধনায় ছিল সিলেট। সিলেট লোকসংস্কৃতি, বিশেষ করে সিলেট অঞ্চলের বাউল ও মরমি গানকে তিনি গণমানুষের খুব কাছে নিয়ে এসেছিলেন। তিনি লালন, শেখ ভানু, শাহ আবদুল করিম, দুরবিন শাহ, হাসন রাজা, আরকুম শাহ, উকিল মুন্সি, শিতালং, রাধারমণসহ দুই বাংলার বাউল-ফকিরকে খুঁজে খুঁজে বের করে তাঁদের লিরিক্স, শব্দ সৃষ্টি ও সুর এবং লোকশিল্পী ও সাহিত্যিকদের নিয়ে গবেষণা করতেন। আর গাইতেন এবং গাওয়ার জন্য উৎসাহ দিতেন। প্রকৃত সুর ও বাণী তুলে ধরে সুরে সুরে তা প্রকাশ করেছেন দেশ থেকে দেশান্তরে।
সাহিত্যে উচ্চশিক্ষা নিয়েও কালিকাপ্রসাদ হৃদয়ে ধারণ করেছিলেন মরমি কবিদের। লালন, শাহনূর, দুরবিন শাহ, হাসন রাজা, শাহ আবদুল করিম কিংবা রাধারমণের গান গেয়ে গেয়ে ভারত-বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ও শহরে ঘুরেছেন। হাওর-বাঁওড়, নদী-নালা, মাটি-মানুষ ও প্রকৃতিকে ভালোবাসতেন। বাউল-ফকিরদের হারিয়ে যাওয়া শিকড়ের গানগুলোকে খুঁজে খুঁজে বের করেছেন। নিজে গেয়েছেন এবং নতুন প্রজন্মকে উদ্দীপনা দিয়েছেন গাওয়ার জন্য। তিনি ছিলেন রবীন্দ্রভক্ত। রবীন্দ্রনাথকে তাঁর নিত্যসঙ্গী করেছিলেন। তিনি লোকসংগীতের পাশাপাশি রবীন্দ্রসংগীতও গাইতেন, তবে তাঁর মতো করে প্রাণের আকুলতা দিয়ে।
কালিকাপ্রসাদ ১৯৯৯ সালে গানের দল ‘দোহার’ জন্ম দেওয়ার পর দলের সহশিল্পীদের নিয়ে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানটি (বাংলাদেশের জাতীয় সংগীত) গেয়েছেন, যা একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করবে। ‘দোহার’ সদস্যদের গাওয়া প্রতিটি রবীন্দ্রসংগীত অসাধারণ। তাঁর অকালপ্রয়াণে আমরা শোকাহত, মর্মাহত। তাঁর অসময়ে চলে যাওয়াতে বাংলার শিকড়ের গানে যে অপূরণীয় ক্ষতি হলো, তা বছরে বছরে কিংবা যুগে যুগে পূরণ হবে কি না সন্দেহ। বাংলা ভাষাভাষী মানুষ একজন ক্ষণজন্মা শিল্পীকে হারাল। তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। তিনি যেখানেই থাকুন, চিরশান্তিতে থাকুন। সেদিনের সড়ক দুর্ঘটনায় ‘দোহার’-এর অন্য সহশিল্পীরা যাঁরা আহত হয়েছেন, তাঁদের প্রতি রইল সমবেদনা। তাঁরা দ্রুত আরোগ্য লাভ করে ফিরে আসবেন এবং প্রিয় দলে আবারও গাইবেন ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ কিংবা ‘গাড়ি চলে না চলে না, চলে না রে, গাড়ি চলে না…...’।
সদেরা সুজন: প্রধান নির্বাহী সিবিএনএ কানাডা