
সমাবেশের জন্য একটি চেয়ারের ভাড়া প্রতিদিন পাঁচ রুপি। ফেস্টুন প্রতিটি ৩০০ রুপি। হেলিকপ্টারের ভাড়া ঘণ্টাপ্রতি তিন লাখ রুপি। এসব ব্যয় নির্বাহে ভারতের নির্বাচনে অবাধে ঢুকে পড়ছে অবৈধ অর্থ। অথচ ভারতের লোকসভা নির্বাচনে এবার সব দলের মূল স্লোগান—দুর্নীতির বিরুদ্ধে লড়াই।
কঠোর নির্বাচনী আচরণবিধি আছে, বেঁধে দেওয়া আছে নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ সীমাও। এর পরও লোকসভা নির্বাচনে ভোট কিনতে বিলানো হচ্ছে টাকা। ১০০ রুপিতেও কেনাবেচা চলছে ‘গণতান্ত্রিক অধিকার’।
চলতি সপ্তাহের শুরুর দিকে চেন্নাইয়ের এক বাংলোতে সন্দেহজনক গাড়ির যাতায়াত দেখে সন্দেহ হয় নির্বাচনী কমিশনের কর্মকর্তাদের। ১৬ এপ্রিল সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৫১ লাখ রুপি। বাড়িটি স্থানীয় এক রাজনীতিবিদের। অর্থগুলো ছিল সম্ভাব্য ভোট কেনাবেচার টাকা।
৫৪৩ আসনের লোকসভার নির্বাচন এবার হচ্ছে নয় পর্বে। এ পর্যন্ত পাঁচ পর্বের ভোট হয়েছে। তবে ৩১১ আসনে এখনো ভোট বাকি। এরই মধ্যে ২৬৯ কোটি অবৈধ রুপি জব্দ করেছে নির্বাচন কমিশন। ২০০৯ সালের নির্বাচনের পুরো সময়ে এই অঙ্ক ছিল ১৯০ কোটি রুপি।
ক্ষমতাসীন দল কংগ্রেসের বিরুদ্ধে যেসব অভিযোগ বিজেপি তুলেছে, তার অন্যতম দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মাঠে নেমেছে দিল্লির বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য দেখানো অরবিন্দ কেজিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। শুধু বিজেপি বা এএপি নয়, প্রায় সব দলের প্রধান নির্বাচনী এজেন্ডা দুর্নীতিবিরোধী লড়াই। কিন্তু ভোটের সময়ই দুর্নীতি থেমে নেই। চলছে ভোট কেনাবেচার উৎসব। আগের চেয়ে আরও সাড়ম্বরে!
দিল্লিভিত্তিক সেন্টার ফর মিডিয়া স্টাডিজের হিসাব অনুযায়ী, এবারের লোকসভা নির্বাচনে সব মিলিয়ে লেনদেন হবে ৩০ হাজার কোটি রুপি। ২০১২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের খরচের পর এটাই সর্বকালের সর্বোচ্চ ব্যয়। যুক্তরাষ্ট্রে সেবার খরচ হয় ৪২ হাজার কোটি রুপি।
অবৈধ কর্মকাণ্ড সব যে টাকাতেই হচ্ছে, তাও তো নয়। ভোট কিনতে অর্থের বদলে ভোটারদের দেওয়া হচ্ছে শাড়ি, সস্তা গয়না, টেলিভিশন, সাইকেল, মশারি থেকে মাদক পর্যন্ত। আসামের চা-বাগানগুলোর গরিব শ্রমিকদের প্রলোভন দেখানো হচ্ছে মদের। রাজ্যের ডিব্রুগড় এলাকার একটি চা-বাগানের ব্যবস্থাপক শান্তনু বড়ুয়া জানান, ভোট কিনতে সেখানকার চা-শ্রমিকদের প্রতি মাসে মদের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশন এ পর্যন্ত ১৩২ কোটি লিটার মদ জব্দ করেছে। বিশ্ব অলিম্পিকের সাঁতারে যে আয়তনের সুইমিংপুল ব্যবহার করা হয়, সে রকম আকৃতির ৪০০টি সুইমিংপুল ভরে দেওয়া যাবে উদ্ধার করা ওই মদ দিয়ে। পাঞ্জাবে সব সময়ই মাদকের ছড়াছড়ি। নির্বাচনের সময় ওই রাজ্যে ১০৪ কেজি হেরোইন উদ্ধার করেছে কর্তৃপক্ষ।
সেন্টার ফর মিডিয়া স্টাডিজের চেয়ারম্যান এন ভাস্কারা রাও বলেন, ‘দুর্নীতির যে চক্রে দেশ ঘুরপাক খাচ্ছে, তার শুরুটা এই নির্বাচনী ব্যয় থেকে।’ হিন্দুস্তান টাইমস।