কাশ্মীর নিয়ে ওমরের সঙ্গে বাগ্ যুদ্ধে আরএসএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দেশের ক্ষমতা নেওয়ার পরপরই কাশ্মীর নিয়ে শুরু হয়ে গেছে জোর বিতর্ক৷ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ গত মঙ্গলবার সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, সংবিধানে দেওয়া কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ বাতিল করা হলে কাশ্মীর ভারতের সঙ্গে থাকবে না৷ এর জবাবে বিজেপির আদর্শিক পরামর্শদাতা সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) এক নেতা গতকাল বুধবার বলেছেন, কাশ্মীর কী ওমরের ‘বাপের তালুক’? খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার৷
নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার গঠনের এক দিনের মাথায় মঙ্গলবার কাশ্মীর বিতর্কটা উসকে দিয়েছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়বিষয়ক প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং৷ ওই দিন তিনি এক বিবৃতিতে বলেন, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের বিষয়ে আলোচনা শুরু করতে সরকার প্রস্তুত৷
ওই বিবৃতির পর জম্মু ও কাশ্মীর সরকারের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া আসবে, এমনটাই ধরে নেওয়া হয়েছিল৷ কেননা, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে জম্মু ও কাশ্মীরকে বিশেষ স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে৷ ওই অনুচ্ছেদে বলা হয়েছে, প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি, যোগাযোগসহ কয়েকটি বিষয় বাদে অন্য যেকোনো আইন রাজ্যটিতে প্রয়োগ করতে হলে ভারতীয় পার্লামেন্টকে অবশ্যই রাজ্য সরকারের সঙ্গে মতৈক্য প্রতিষ্ঠা করেই তা করতে হবে৷ মূলত এসব শর্তেই জম্মু ও কাশ্মীর ভারতের সঙ্গে যোগ দিয়েছিল৷
প্রতিমন্ত্রী জিতেন্দ্রের বিবৃতির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী ওমর ওই দিনই এক টুইটার বার্তায় কড়া ভাষায় প্রতিবাদ জানান৷ তিনি বলেন, ‘মোদির সরকার হয়তো ভুলে গেছে, ৩৭০ অনুচ্ছেদ না থাকলে, কাশ্মীর আর ভারতের অংশ থাকবে না৷’ এ হুঁশিয়ারির পর জিতেন্দ্র সিংয়ের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, ৩৭০ অনুচ্ছেদ নিয়ে তাঁর বিবৃতি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে৷ এ নিয়ে বিতর্ক করা একেবারেই ভিত্তিহীন৷
তবে ভিত্তিহীন বলেও বিতর্ক ঠেকানো যায়নি৷ মুখ্যমন্ত্রী ওমর আনুষ্ঠানিকভাবেই বলে দিয়েছেন, ৩৭০ অনুচ্ছেদ নিয়ে যে বিতর্ক তোলা হয়েছে, সে ব্যাপারে মোদির কেন্দ্রীয় সরকারকে ব্যাখ্যা দিতে হবে৷ তিনি গতকাল সাংবাদিকদের বলেন, ৩৭০ অনুচ্ছেদের বিষয়টি নিয়ে আবার আলোচনা শুরু হওয়া মানে, ভারতের সঙ্গে জম্মু-কাশ্মীরের যোগ দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হওয়া৷
মুখ্যমন্ত্রীর এসব মন্তব্যের জবাব দিয়েছেন কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের জাতীয় নির্বাহী সদস্য রাম মাধব৷ এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘জম্মু ও কাশ্মীর ভারতের অংশ থাকবে না? ওমর কী কাশ্মীরকে তাঁর বাপের তালুক মনে করছেন? ৩৭০ থাক বা না থাক, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ আছে এবং সব সময়ই থাকবে৷’