ভারতে দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে গতকাল শুক্রবার বলেছেন, জম্মু ও কাশ্মীর নিয়ে প্রশান্ত ভূষণের মন্তব্য টিম আন্নার নয়। এটা প্রশান্ত ভূষণের ব্যক্তিগত মত।টিম আন্নার অন্যতম সদস্য প্রশান্ত ভূষণ। সম্প্রতি জম্মু ও কাশ্মীর সমস্যা সমাধানে গণভোট প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। প্রশান্ত ভূষণের এমন মন্তব্যে বিভিন্ন মহলে বিতর্ক শুরু হয়েছে।আন্না হাজারে গতকাল সাংবাদিকদের বলেন, ‘জম্মু ও কাশ্মীর নিয়ে মন্তব্য করার আগে প্রশান্ত ভূষণ আমাদের জানাননি। এটা তাঁর ব্যক্তিগত মন্তব্য। এ মন্তব্যের জন্য টিম দায়ী নয়। ওই মন্তব্যের সঙ্গে আমরা একমত নই।’ তিনি বলেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। দেশের প্রয়োজনে যা করা সম্ভব তিনি তা-ই করবেন। তাই অসতর্ক এমন মন্তব্য নিয়ে বিতর্ক এখানেই বন্ধ করা উচিত। আন্না বলেন, ‘টিমের হয়ে মন্তব্য করার ক্ষেত্রে প্রশান্ত ভূষণের উচিত আমাদের সঙ্গে কথা বলা, অনুমতি নেওয়া।’ বিতর্কিত এই মন্তব্যের জন্য প্রশান্ত ভূষণকে টিম আন্না থেকে সরিয়ে দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে আন্না হাজারে বলেন, ‘প্রশান্ত ভূষণ যা করেছেন তা ভালো হয়নি। তিনি টিমে থাকবেন কি না, আমরা পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’এর আগে গত বৃহস্পতিবার টিম আন্নার অন্যতম সদস্য কিরণ বেদিও বলেন, প্রশান্ত ভূষণের মন্তব্য টিমের নয়, তাঁর ব্যক্তিগত।এদিকে বিশ্লেষকেরা মনে করছেন, আন্না হাজারের দ্বিতীয় পর্যায়ের আন্দোলনে তিনি আগের চেয়ে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন।