কাশ্মীর ফুঁসছে, গুলিতে কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফজাল গুরুর ফাঁসির রায় কার্যকরের ঘটনায় ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। গত রোববার শ্রীনগরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে ১২-১৩ বছরের এক কিশোর মারা গেছে।জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, আফজাল গুরুর ফাঁসির রায় কার্যকর কাশ্মীরের তরুণদের মধ্যে বিচ্ছিন্নতাবোধ জাগ্রত করতে পারে। তিনি বলেন, ভারত সরকারকে প্রমাণ করতে হবে, টার্গেট করে আফজাল গুরুর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীনগরের প্রধান হাসপাতালের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত কিশোর রোববার রাত তিনটার দিকে মারা যায়। এদিন ওয়াটারগাম গ্রামে বিক্ষোভের সময় সে গুলিবিদ্ধ হয়।একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, নিহত কিশোরকে ইতিমধ্যে তার গ্রামে দাফন করা হয়েছে। তার জানাজায় প্রায় সাড়ে তিন হাজার মানুষ অংশ নেয়। তিনি বলেন, কিশোর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, আধা সামরিক বাহিনীর গুলিতে কিশোর আহত হয়েছিল। আর আধা সামরিক বাহিনীর কর্তৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে।কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা আফজাল ২০০১ সালে ভারতের পার্লামেন্টে ভয়াবহ সন্ত্রাসী হামলার মামলায় দোষী সাব্যস্ত হন। ওই হামলার পরিকল্পনাকারী হিসেবে তাঁর ফাঁসির রায় হয়। গত শনিবার নয়াদিল্লির তিহার কারাগারে সেই রায় কার্যকর হয়। গতকাল সোমবার কোনো সহিংসতার খবর পাওয়া না গেলেও কাশ্মীরের বিভিন্ন এলাকায় কারফিউ অব্যাহত ছিল। এতে জনজীবনে ভোগান্তির সৃষ্টি হওয়ায় কারফিউ নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কেব্ল টেলিভিশন, মুঠোফোন ও ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।মুখ্যমন্ত্রী আবদুল্লাহ বলেন, রায় কার্যকরের ক্ষেত্রে ভারত সরকার সঠিক প্রক্রিয়া মানেনি বলে তিনি উদ্বিগ্ন। তিনি বলেন, ফাঁসি দেওয়ার আগে আফজালকে পরিবারের কারও সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এটা ‘ট্র্যাজেডি’। তিনি বলেন, কাউকে ফাঁসি দেওয়া হচ্ছে—চিঠির মাধ্যমে তা তাঁর পরিবারকে জানানোর প্রক্রিয়াটাই ভুল। এএফপি ও বিবিসি।