কাশ্মীর সংকট নিরসনে ওবামার প্রতি আহ্বান
কাশ্মীর সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন তাঁর দেশের আইনপ্রণেতারা। ক্যাপিটল হিলে কাশ্মীরবিষয়ক দুই দিনের এক সম্মেলন থেকে তাঁরা এ আহ্বান জানান।পেনসিলভানিয়ার রিপাবলিকান দলীয় কংগ্রেসম্যান জো পিটস বলেন, এটা খুবই লজ্জার বিষয় যে ওবামা প্রশাসনের পাকিস্তান ও আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি রিচার্ড হলব্রুক কাশ্মীর বিষয়ে একটি কথাও বলেননি, এমনকি কাশ্মীর শব্দটিও ব্যবহার করেননি।কাশ্মীর সমস্যা নিয়ে হলব্রুককে কোনো প্রশ্ন করা হলেই তিনি জবাব দিয়েছেন, শুধু আফগান সমস্যা সমাধানের উদ্দেশ্যেই তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। তাই কাশ্মীর শব্দটি তিনি মুখেও নেবেন না। সম্মেলনে যোগ দেওয়া আরেক আইনপ্রণেতা ডেনিস কুচিনিখ কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দেন।কাশ্মীর সমস্যা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করতে চায় না ভারত। ভারতের দাবি, যেহেতু এটি নয়াদিল্লি ও ইসলামাবাদের দ্বিপক্ষীয় বিষয়, সেহেতু এ নিয়ে অন্য কোনো দেশের সঙ্গে আলোচনার কিছু নেই।কংগ্রেসম্যান পিটস বলেন, মানবিক দুর্ভোগে ভরা একটি অঞ্চল কাশ্মীর। যুক্তরাষ্ট্রসহ ক্ষমতাধর দেশগুলোকে এ বিষয়ে এক্ষুনি পদক্ষেপ নেওয়া দরকার।পিটস আরও বলেন, ‘কাশ্মীরে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ওবামা প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় আমি হতাশ।’ তিনি জানান, নির্বাচনী প্রচারণার সময় ওবামা নিজেই কাশ্মীর সমস্যা সমাধানে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন।এদিকে ভারতবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর দুই দিনের সহিংসতার পর গতকাল রোববার কারফিউয়ে অচল হয়ে পড়ে ভারতশাসিত কাশ্মীর। কাশ্মীরের রাজধানী শ্রীনগর ও অন্যান্য এলাকার রাস্তায় জোর টহল ছিল দাঙ্গা পুলিশ ও আধাসামরিক বাহিনীর। লোকজনকে বাড়িতে থাকার এবং বাইরে বের না হওয়ার জন্য মাইকে প্রচার চালায় পুলিশ।তবে গতকালও নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছে। এ নিয়েগত তিনদিনে নিরাপত্তা বাহিনীর গুলিতে মোট আটজন নিহত হলো।গত জুনের প্রথম দিকে বিক্ষোভের সময় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলে এক ছাত্র নিহত হওয়ার পর কাশ্মীরে সরকারবিরোধী বিক্ষোভ জোরদার হয়। এর পর থেকে এ পর্যন্ত বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের বেশির ভাগ তরুণ বা যুবক। দ্য ডন।