কাশ্মীর সংকট নিরসনে মার্কিন হস্তক্ষেপ চান নওয়াজ
কাশ্মীর সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সহায়ক হবে বলে মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। যুক্তরাষ্ট্র যাওয়ার পথে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাত্রাবিরতিকালে তিনি এ কথা বলেছেন। পাকিস্তানি বার্তা সংস্থা এপিপি এ খবর প্রকাশ করেছে।
নওয়াজ শরিফ বর্তমানে তিন দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে রয়েছেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করবেন।
১৯৯৯ সালের জুলাইয়ে কাশ্মীরের কারগিলে ভারত-পাকিস্তান সংঘাত চলার সময় যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তখন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে কাশ্মীর সমস্যার সমাধান হতে পারত বলে তিনি স্পষ্ট করেই বলেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে।
নওয়াজ বলেন, তিনি ক্লিনটনকে বলেছিলেন, মধ্যপ্রাচ্যের জন্য মার্কিন প্রেসিডেন্ট যে পরিমাণ সময় ব্যয় করছেন, তার ১০ শতাংশ সময় দিলেই কাশ্মীর সমস্যার সমাধান হয়ে যাবে। ক্লিনটন তখন বিষয়টি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরে সবকিছু বদলে যায়।
নওয়াজ শরিফ বলেন, ভারত কাশ্মীরের ব্যাপারে এ ধরনের হস্তক্ষেপ না চাইলেও বিশ্বের পরাশক্তিগুলোর এ ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত। আইএএনএস।