কাশ্মীর সমস্যা ভিন্নভাবে দেখতে হবে: যুক্তরাষ্ট্র
কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান বিরোধের বিষয়টি দক্ষিণ এশিয়ায় বিদ্যমান সন্ত্রাসবাদ সমস্যা থেকে ভিন্ন। এই দুটি সমস্যা একসঙ্গে গুলিয়ে ফেলার অবকাশ নেই। এ অভিমত মার্কিন পররাষ্ট্র দপ্তরের। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেরি হার্ফ গত সোমবার ওয়াশিংটন ডিসিতে বলেন, ‘আমরা দুটি পৃথক সমস্যা নিয়ে কথা বলছি। কাশ্মীর সীমান্ত সমস্যা এবং ওই এলাকায় চরমপন্থা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। আমি দুটি বিষয়ের মধ্যে পার্থক্য সুনির্দিষ্ট করতে চাই। উভয় সমস্যা নিয়েই যুক্তরাষ্ট্রের ভূমিকার ব্যাপারে সবাই অবগত আছেন।’ কাশ্মীর বিরোধের ব্যাপারে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান চায় যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে দেশটির অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানান হার্ফ। তিনি বলেন, নিয়ন্ত্রণরেখায় চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। পারস্পরিক আস্থা অর্জনের জন্য ভারত ও পাকিস্তানের আলোচনায় বসা উচিত। এ ব্যাপারে যথেষ্ট সুযোগ রয়েছে বলে যুক্তরাষ্ট্র মনে করে। আশা করা যায়, বিরোধ এড়িয়ে সুসম্পর্ক স্থাপনের ব্যাপারে দুটি দেশ উদ্যোগী হবে। ডন।