কাশ্মীর সীমান্তে গুলিতে পাকিস্তানি দুই সেনা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীরে পাক-ভারত সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গতকাল মঙ্গলবার আবার দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানি দুই সেনা আহত হয়েছে। খবর রয়টার্সের।

আজ বুধবার দুই দেশের সেনা কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাকিস্তানি একজন সেনা কর্মকর্তা অভিযোগ করেন, বিনা উসকানিতে ভারতীয় সেনাদের গুলিতে তাঁদের দুই সেনা আহত হয়েছে। তিনি জানান, এ ঘটনার পর দুই দেশের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা বিশেষ হটলাইনে আলাপ করেছেন।

ভারতীয় একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা জানান, গতকাল গুলির জবাবে তাঁরাও পাল্টা গুলি চালিয়েছেন।

এর আগে গত সোমবার রাতে কাশ্মীর সীমান্তের পুঁচ সেক্টরে এক হামলায় ভারতের পাঁচ সেনা নিহত হয়। ভারতের দাবি, পাকিস্তানি সেনা ও সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ রেখা পার হয়ে ওই হামলা চালিয়েছে।