কাশ্মীর সীমান্তে গুলিতে পাকিস্তানি সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান অভিযোগ করেছে, বিতর্কিত কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) বিনা উসকানিতে পাকিস্তানি এক সেনাকে ভারতীয় সেনারা গুলি করে হত্যা করেছে। গুলিতে পাকিস্তানের অপর এক সেনা মারাত্মক আহত হয়েছেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে দ্য ডনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, আজ শনিবার স্থানীয় সময় সাড়ে ১০টার দিকে এলওসির কাছে রাওলাকোট নেজাপির চৌকিতে ওই হতাহতের ঘটনা ঘটে।

নিহত সেনার নাম অসীম ইকবাল। মারাত্মকভাবে আহত হয়েছেন নায়েক মোহাম্মদ খান।

জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিয়ন্ত্রণ রেখার মাধ্যমে কাশ্মীরকে ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তবে দুই দেশই অঞ্চলটিকে নিজের বলে দাবি করে। দু দেশের মধ্যে সংঘটিত তিনটি যুদ্ধের দুটিই হয়েছে কাশ্মীর নিয়ে। এ ছাড়া ভারত ও পাকিস্তান নিয়মিতভাবে নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি ভঙ্গের জন্য একে অপরকে দোষারোপ করে। ২০০৩ সালে এ নিয়ে বাদানুবাদ ছিল চরম পর্যায়ে।

চলতি বছরের শুরুতে দু পক্ষের ছয় সেনার মৃত্যুতে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা আবার চরমে ওঠে। সীমান্তে গোলাগুলিতে পাকিস্তানের চারজন ও ভারতের দুই সেনা নিহত হয়। 

ওই সময় পাকিস্তানি সেনারা ভারতীয় এক সেনার শিরশ্ছেদ করেন বলে অভিযোগ করা হয়। তবে ইসলামাবাদ এ অভিযোগ প্রত্যাখ্যান করে।