জম্মু–কাশ্মীরের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট করে বলেছেন, তাঁর সরকার কাশ্মীরকে ‘সংঘাতের এলাকা’ থেকে ‘শান্তির অঞ্চলে’ পরিণত করতে চায়। তিনি চান যত দ্রুত সম্ভব রাজনৈতিক প্রক্রিয়া শুরু করতে। প্রধানমন্ত্রী বলেন, সরকার জম্মু–কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও টুইট করেন, পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফেরত দেওয়ার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
দুই বছর পর স্থানীয় নেতাদের সঙ্গে রাজনৈতিক প্রক্রিয়া শুরুর বিষয়ে গতকাল বৃহস্পতিবার আলোচনার সময় মোদি এসব কথা বলেন। লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে গতকাল বেলা তিনটায় এই বৈঠক শুরু হয়। বৈঠকের আলোচ্যসূচি আগে থেকে জানানো হয়নি। এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য জম্মুর বিজেপি নেতা জিতেন্দ্র সিং। বৈঠকে যাঁদের আমন্ত্রণ জানানো হয়েছিল, তাঁদের মধ্যে ছিলেন রাজ্যের চার সাবেক মুখ্যমন্ত্রী—ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি ও গুলাম নবী আজাদ।
২০১৮ সালের জুন মাসে বিজেপি-পিডিপি সরকারের পতনের পর তৎকালীন অবিভক্ত জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় শাসন জারি করা হয়েছিল। এক বছর পর ২০১৯ সালে ৫ আগস্ট রাজ্য দ্বিখণ্ডিত হয়। সেই সঙ্গে বাতিল করা হয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ, যা এই রাজ্যকে বিশেষ মর্যাদা দিয়েছিল। সেই জম্মু-কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফেরানোর চেষ্টায় এই সর্বদলীয় বৈঠকের আয়োজন।
সংবিধানে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ অনুচ্ছেদ নিয়ে কাশ্মীরি নেতাদের মধ্যে মতপার্থক্য স্পষ্ট।
বৈঠকে নরেন্দ্র মোদি আরও বলেন, নির্বাচনী কেন্দ্রের পুনর্বিন্যাসের (ডিলিমিটেশন) কাজ শেষ হলেই বিধানসভার ভোট গ্রহণ হবে। সেই প্রক্রিয়ায় সব দলকে অংশ নিতে তিনি অনুরোধ করেন।
সাড়ে তিন ঘণ্টার এই বৈঠকে সপ্তদলীয় জোট গুপকর অ্যালায়েন্সের নেতাদের পাশাপাশি বিজেপি, আপনি পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন। ‘গুপকর ঘোষণার’ অংশীদার হলেও কংগ্রেস এই বৈঠকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ পুনর্বহালের দাবি জানায়নি। কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ বৈঠকের পর জানান, তাঁরা মোট পাঁচটি দাবি জোরের সঙ্গে পেশ করেছেন। এই দাবিগুলো হলো পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফেরত দেওয়া, বিধানসভার ভোট গ্রহণ, পুরোনো অভিবাসন নীতি বহাল রাখা, হিন্দু পণ্ডিতদের ফিরিয়ে আনা ও সব রাজনৈতিক বন্দির মুক্তিদান।
বস্তুত, ৩৭০ অনুচ্ছেদ নিয়ে কাশ্মীরি নেতাদের মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে গেছে। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা বৈঠকের পর জানান, ২০১৯ সালের ৫ আগস্টের সিদ্ধান্ত তাঁরা মানেন না। সে কারণে অবিলম্বে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হোক। এরপর হোক রাজ্য বিধানসভার নির্বাচন।
■ কংগ্রেস সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ পুনর্বহালের দাবি জানায়নি।■ পিডিপি নেত্রী মেহবুবা মুফতি ৩৭০ অনুচ্ছেদ পুনর্বহাল চান।
তবে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি সরাসরি ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বিরোধিতা করেছেন। বৈঠকের পর তিনি বলেন, আস্থা ও বিশ্বাস ফেরাতে গেলে ৩৭০ অনুচ্ছেদ ফেরাতেই হবে। মেহবুবা এ কথাও বলেন, চিরস্থায়ী শান্তির জন্য পাকিস্তানের সঙ্গে ভারত সরকারের কথা বলা উচিত।
পিপলস কনফারেন্স নেতা মুজ্ফফর বেগ ও সাজ্জাদ লোন বৈঠকের পরে বলেন, ৩৭০ অনুচ্ছেদ প্রসঙ্গ সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়। তাঁরা ৩৫ (ক) ধারা, যা কিনা রাজ্যে জমির অধিকারপ্রাপ্তদের চিহ্নিত করার ক্ষমতা দিয়েছে, তা ৩৭১ অনুচ্ছেদের সঙ্গে জুড়ে দেওয়ার দাবি জানিয়েছেন। এই দাবির কারণ, জম্মু–কাশ্মীরের নেতারা চান না, বাইরের বাসিন্দারা সেখানকার জমির মালিক হোন।
তবে বিস্ময়কর এটাই যে ৭০ বছর ধরে কাশ্মীরকে ‘লুট’ করার অভিযোগ যাঁদের বিরুদ্ধে স্বয়ং প্রধানমন্ত্রী এনেছিলেন, যেখানকার নেতাদের জোটবদ্ধ হওয়াকে ‘গুপকর গ্যাং’ বলে কটাক্ষ করেছিলেন, কাশ্মীরকে যে ‘তিন পরিবারের অপশাসন’ থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই নেতাদের সঙ্গেই তাঁকে বৈঠকে বসতে হলো। যাঁদের গ্রেপ্তার করে জেলবন্দী রাখা হয়েছিল, তাঁদের পাশে নিয়ে ছবি তুলে প্রধানমন্ত্রী বোঝালেন, স্বাভাবিক অবস্থা ফেরাতে ও রাজনৈতিক প্রক্রিয়া চালু করতে তাঁদের সহযোগিতা ও সক্রিয়তা প্রয়োজন।