নিরাপত্তা বাহিনীর ছাউনিতে গত বুধবার জঙ্গি হামলার পর ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। এদিকে পাকিস্তানের জঙ্গিরা ওই হামলা চালিয়েছে মর্মে ভারত যে অভিযোগ করেছে, তা নাকচ করে দিয়েছে ইসলামাবাদ। গতকাল বৃহস্পতিবার কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক আবদুল গনি মির জানান, শ্রীনগরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। এ ছাড়া আশপাশের কয়েকটি শহর ও গ্রামেও কারফিউ জারি করা হয়।কারফিউর কারণে গতকাল শ্রীনগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়। সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের গতকাল ও আজ শুক্রবারের সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।পাকিস্তানপন্থী জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন শ্রীগরের নিরাপত্তা বাহিনীর ছাউনিতে হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে। গত বুধবার ওই হামলায় নিরাপত্তা বাহিনী সিআরপিএফের পাঁচ সদস্য ও দুই হামলাকারী নিহত হয়।গতকাল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে বলেন, পাকিস্তানি জঙ্গিরা ওই হামলা চালিয়েছে বলে মনে হচ্ছে। তিনি আরও জানান, তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থল থেকে দুটি দিনপঞ্জিকা উদ্ধার করেছেন। এসব দিনপঞ্জিকায় পাকিস্তানিদের নাম ও ফোন নম্বর রয়েছে। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের অভিযোগ উড়িয়ে দিয়েছে। তারা বলেছে, ‘আমরা মনে করি, কাশ্মীরের হামলার ঘটনায় ভারতের সরকারের পক্ষ থেকে যে ধরনের বিবৃতি প্রচার করা হচ্ছে, তা নয়াদিল্লি ও ইসলামাবাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে হুমকির মুখে ফেলবে।’ এএফপি।