কাশ্মীরে আগুনে মাজার ভস্মীভূত
ভারতশাসিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে বড় ধরনের অগ্নিকাণ্ডে পীর দস্তগীরের ২০০ বছরের পুরোনো মাজার ভস্মীভূত হয়েছে। আগুন নেভানোর কাজে অবহেলার অভিযোগে এ সময় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল সোমবার সকালে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে বেশ কয়েকজন অগ্নিনির্বাপনকর্মী অংশ নেন। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আগুনে কাঠের তৈরি মাজার ভবনটি ভস্মীভূত হয়ে যায়।অগ্নিনির্বাপনকর্মীরা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি—এমন অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেন ক্ষুব্ধ স্থানীয় অধিবাসীরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারেন। জবাবে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষে ২৪ জনের মতো আহত হয়েছেন। সংঘর্ষকালে অগ্নিনির্বাপক দলের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাজারটিতে ১১ শতকের মধ্য এশীয় মুসলিম সাধক শেখ আবদুল কাদেরের কবর রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিনির্বাপনকর্মীদের সহায়তায় মাজার থেকে তাঁর স্মৃতিবিজড়িত মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। মাজারটি মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের কাছেই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এএফপি ও বিবিসি।