কাশ্মীরে কারফিউ ভেঙে বিক্ষোভ
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। গতকাল সোমবারও সেখানে কারফিউ ভেঙে শত শত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। ভারতীয় সেনাবাহিনী তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করেছে। এতে ছয়জন আহত হয়েছে। অন্যদিকে গত শুক্রবার টিয়ার শেলের আঘাতে আহত একজন গতকাল মারা গেছে। এই নিয়ে গত শুক্রবার থেকে এ পর্যন্ত কাশ্মীরে নিহতের সংখ্যা ১৫-তে দাঁড়িয়েছে।কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুুল্লাহ গতকাল উদ্ভূত পরিস্থিতি শান্ত করার উপায় খুঁজতে প্রধানমন্ত্রী মনমোহন সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে বৈঠক করতে দিল্লিতে গেছেন। চিদাম্বরম কাশ্মীরের পরিস্থিতিকে ‘ভয়ানক’ আখ্যায়িত করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।কর্মকর্তারা বলেছেন, দক্ষিণাঞ্চলীয় শহর বিজবেহারা ও আরওয়ানিতে গতকাল বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ ও লাঠিচার্জে কমপক্ষে ছয়জন বিক্ষোভকারী গুরুতর আহত হয়।গতকাল দিল্লিতে কাশ্মীরের মুখ্যমন্ত্রী আবদুল্লাহ বলেছেন, কিছু সমাজবিরোধী মানুষ নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য কাশ্মীরে উত্তেজনা ছড়াচ্ছে। একই দিন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, তিনি কাশ্মীর নিয়ে কয়েক দফা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। গতকাল আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলাপ করার কথা ছিল।গতকাল কাশ্মীরের রাজধানীর প্রায় সর্বত্রই কারফিউ জারি ও সেনা জোরদার করা হয়। সেনাবাহিনী কাউকে রাস্তায় না নামার কঠোর নির্দেশ দেয়। তবে সে নিষেধাজ্ঞা ভেঙে শত শত মানুষ রাজপথে নেমে আসে। তারা ‘ভারত তুমি ফিরে যাও!’, ‘আমরা স্বাধীনতা চাই!’ প্রভৃতি স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। তাদের ছত্রভঙ্গ করতে সেনাবাহিনী ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস ছোড়ে।প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা স্বাধীনতা চেয়ে আন্দোলন করে আসছে। এসব বিচ্ছিন্নতাবাদীর সঙ্গে ভারতীয় নিরাপত্তাকর্মীদের সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ৬৭ হাজার মানুষ নিহত হয়েছে। পিটিআই ও জি নিউজ অনলাইন।