কাশ্মীরে জুবিনের কনসার্ট, সরকারের অগ্নিপরীক্ষা

ভারত সরকার বিজ্ঞাপন দিয়েছে। নিজেদের সিদ্ধান্ত থেকে না সরার ঘোষণা দিয়েছে জার্মান দূতাবাস। শুধু জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহই নন, ভারত ও জার্মানির জন্যও আগামী শনিবার এক অগ্নিপরীক্ষা। শ্রীনগরের শালিমার বাগে ওই দিন ভারত ও জার্মানির সহযোগিতায় বিশ্বখ্যাত সংগীতায়োজক জুবিন মেহতা ও বাভারিয়ান স্টেট অর্কেস্ট্রার সংগীতসন্ধ্যা নির্বিঘ্নে হয় কিনা, সবার নজর এখন সেদিকেই। অভূতপূর্ব ওই কনসার্টের সরাসরি সম্প্রচার হবে ভারত ও ইউরোপের দেশগুলোতে। বিঠোফেন, হেডন ও চাইকোভস্কির সংগীত উপভোগের আমন্ত্রণ পেয়েছেন দেশ-বিদেশের হাজার দেড়েক মানুষ।
তবে কতটা নির্বিঘ্নে জুবিন মেহতার কনসার্ট ‘এহসাস-ই-কাশ্মীর’ সম্পন্ন হবে, আশঙ্কা সেখানেই। কারণ, কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলী শাহ গিলানি, হুরিয়ত কনফারেন্স নেতা মিরওয়াইজ ওমর ফারুক এবং মানবাধিকার রক্ষা আন্দোলনের নেতা-কর্মীরা ওই কনসার্ট না করতে জার্মান সরকারকে অনুরোধ জানান। তাতে কাজ না হওয়ায় তাঁরা নেমেছেন বিরোধিতার রাস্তায়। গিলানিদের বক্তব্য, এত বছর ধরে তাঁরা আন্দোলন করছেন। অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। লাখ লাখ ভারতীয় সৈন্য প্রতিদিন কাশ্মীরি মানুষের অধিকার হরণ করছে। এ ধরনের অনুষ্ঠান কেবল তাঁদের প্রতি অবমাননা নয়, কাশ্মীরের বিতর্কিত চরিত্রকেও আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দেবে। গিলানির হুমকি, আগামী শুক্রবার জুমার নামাজের পর উপত্যকাজুড়ে মানুষ বিক্ষোভ দেখাবে। আর কনসার্টের দিন পালিত হবে হরতাল। আবার তাঁরা পাল্টা অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছেন। শনিবার শ্রীনগরে তাঁরাও ‘অত্যাচারিত কাশ্মীরের’ ছবি তুলে ধরবেন গানে, বাজনায়, ছবিতে, তুলিতে ও ভাষণে।
জার্মানি, ভারত এবং জম্মু ও কাশ্মীর সরকার বিচ্ছিন্নতাবাদীদের এই হুমকিকে আদৌ আমল দিচ্ছে না। টলটলে ডাল লেকের ধারে পাহাড়ের খাঁজে বেগম নুরজাহানের জন্য বাদশা জাহাঙ্গীরের তৈরি শালিমার বাগকে নতুনভাবে সাজানো হয়েছে। নিশ্ছিদ্র করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। বিচ্ছিন্নতাবাদীদের নিষ্ক্রিয় করা গেলেও বিক্ষিপ্ত আক্রমণের মোকাবিলা সরকার ও নিরাপত্তারক্ষীদের করতে হচ্ছে।
এদিকে কনসার্টের বিরুদ্ধে রাজ্যের বাইরে থেকেও জুটছে অপ্রত্যাশিত সমর্থন। কলকাতা থেকে কবীর সুমন ও কবি-নাট্যকার নবারুণ ভট্টাচার্য আওয়াজ তুলেছেন। কলকাতা থেকে কবীর সুমন গতকাল প্রথম আলোকে বলেন, ‘মন চাইছে পাল্টা সমাবেশে ছুটে যাই। গিয়ে বলি, কাশ্মীর কার্নিভালের জায়গা নয়।’